পরমাণু অস্ত্র তৈরি মহাপাপ: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু অস্ত্র তৈরিকে মহাপাপ বলে অভিহিত করেছে ইরান। জাতিসংঘের উদ্যোগে জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ-বিষয়ক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।পরমাণু অস্ত্র তৈরির সমালোচনার পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের পরমাণু কার্যক্রম নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে আরও আলোচনার আহ্বান জানিয়েছে। সালেহির এ বক্তব্য নাকচ করেছেন মার্কিন রাষ্ট্রদূত লরা কেনেডি।সম্মেলনে আলী আকবর সালেহি বলেন, ‘আমি পুনরায় জোর দিয়ে বলতে চাই, পরমাণু অস্ত্রে আমরা কোনো গৌরব, মহিমা বা ক্ষমতা দেখি না।’আলী আকবর সালেহি বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতার ধর্মীয় আদেশ অনুযায়ী পরমাণু অস্ত্রের উত্পাদন, অধিকার, ব্যবহার অথবা তা ব্যবহারের হুমকি প্রদান বেআইনি, নিষ্ফলা, ক্ষতিকর, বিপজ্জনক ও নিষিদ্ধ। কারণ, তা মহাপাপ।’ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। কিন্তু ওয়াশিংটন ও মিত্রদের অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে। পশ্চিমাদের হুঁশিয়ারি সত্ত্বেও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলছে।