পরমাণু অস্ত্রই ভারত-পাকিস্তান যুদ্ধ ঠেকিয়েছে: কাদির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পরমাণু অস্ত্রের কারণে ভারতের সঙ্গে প্রচলিত যুদ্ধে জড়িয়ে পড়তে হয়নি দেশটির। পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান এমনটাই মনে করেন। তিনি বলেন, এই পরমাণু শক্তির কারণে পাকিস্তানের জনগণ আজ মাথা উঁচু করে চলাফেরা করতে পারছে। আজ শুক্রবার ‘নিউজউইক পাকিস্তান’ এর উদ্বোধনী সংখ্যায় প্রকাশিত এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচীর জনক কাদির খান বলেন, ‘পরমাণু কর্মসূচী আমাদের বেঁচে থাকা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা দিয়েছে। আর দেশপ্রেমিক ও দক্ষ সহযোগীদের সহায়তায় এ ক্ষেত্রে অবদান রাখতে পেরে আমি গর্বিত।’ পাকিস্তানের স্থায়ী জাতি পরিচয় না থাকা সম্পর্কে প্রশ্ন করা হলে এই বিজ্ঞানী বলেন, ‘পাকিস্তান কৃত্রিমভাবে সৃষ্ট কোনো রাষ্ট্র নয়। আমরা মুসলমানেরা অবিভক্ত ভারতে স্বতন্ত্র জাতি ছিলাম। আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, সামাজিক আইন ও ঐতিহ্য ছিল।’ পরমাণু অস্ত্র ভুল হাতে পড়তে পারে-পশ্চিমা বিশ্বের এমন আশংকা নাকচ করে দিয়ে কাদির খান বলেন, ‘ভালো হোক বা মন্দ হোক পরমাণু বোমা একটি জটিল ও অত্যাধুনিক কৌশলসমৃদ্ধ অস্ত্র। এর প্রায় প্রতিটি অংশই সমান গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন অংশের সন্নিবেশ ঘটাতে বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন। এমনকি কোনো বিজ্ঞানী বা প্রকৌশলী অভিজ্ঞতা ছাড়া এ কাজটি করতে পারবেন না। তাই কোনো অশিক্ষিত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীর পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নেই।’পাকিস্তানের পরমাণু বোমাকে ‘ইসলামী বোমা’ নামকরণের জবাবে কাদির খান বলেন, পশ্চিমা বিশ্ব এর মাধ্যমে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে অন্যান্য দেশের মধ্যে ভীতির সঞ্চার করছে। তিনি বলেন, মুসলমানদের ধ্বংস এবং ইসলাম ও এর মূল্যবোধকে হাস্যকর করতে পশ্চিমা বিশ্ব আজ একত্রিত হয়েছে। উল্লেখ্য, আব্দুল কাদির খানের বিরুদ্ধে অবৈধভাবে পরমাণু অস্ত্র প্রযুক্তি প্রসারের অভিযোগ রয়েছে। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া