পরমাণু অস্ত্রের সংখ্যা ১৫৫০-এ কমিয়ে আনবে দুই দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু অস্ত্র কমাতে গতকাল বৃহস্পতিবার চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। কয়েক মাসের দরকষাকষির পর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে প্রেসিডেন্টের বাসভবন প্রাগ ক্যাসেলের স্প্যানিশ হলে গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যেকেই পরমাণু অস্ত্রের সংখ্যা এক হাজার ৫৫০টিতে কমিয়ে আনবে।উভয় প্রেসিডেন্ট চুক্তিটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, পরমাণু নিরাপত্তা ও নিরস্ত্রীকরণের জন্য এটা ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে পরমাণু নিরস্ত্রীকরণের দীর্ঘযাত্রার পথে এটি একটি ধাপ মাত্র। প্রেসিডেন্ট মেদভেদেভ বলেন, ভবিষ্যতে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এর আগে দুই প্রেসিডেন্টই এই চুক্তি অনুমোদন করেছিলেন। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক চুক্তি সই করা। গতকাল সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখন মার্কিন সিনেট ও রুশ পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করলে তা কার্যকর হবে। চুক্তিটি তখন ১৯৯১ সালের স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটির (স্টার্ট) স্থলাভিষিক্ত হবে। স্টার্ট-১ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন চুক্তি অনুসারে দুই দেশকে সাত বছরের মধ্যে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে এক হাজার ৫৫০টিতে নামিয়ে আনতে হবে। এর অর্থ, দুই দেশের মধ্যে আগের পরমাণু অস্ত্র কমানো চুক্তির চেয়ে প্রায় ৩০ শতাংশ অস্ত্র কমাতে হবে। উল্লেখ্য, বিশ্বের মোট পরমাণু অস্ত্রভান্ডারের ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। বিশ্লেষকদের ধারণা, এ চুক্তি পরমাণুমুক্ত বিশ্ব গড়তে নতুন যুগের সূচনা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটাবে। একই সঙ্গে পরমাণু অস্ত্র অর্জনে আগ্রহী দেশগুলোও এ চুক্তির ফলে পরমাণু অস্ত্র কর্মসূচি বাদ দিতে চাপের মুখে পড়বে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ঠিক এক বছর আগে প্রাগে এসে তিনি এক বক্তৃতায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সার্বিক অঙ্গীকারের কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন, তাঁর চূড়ান্ত লক্ষ্য পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়া। ওবামা বলেন, তিনি আবার বলতে চান এটাই তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য, যা তাঁর জীবদ্দশায় হয়তো অর্জিত না-ও হতে পারে। প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে এটা নতুন অধ্যায়ের সূচনা করবে। তিনি বলেন, মূল বিষয় হচ্ছে, এখানে কেউ জয়ী বা পরাজিত হয়নি। তবে মেদভেদেভ পরিষ্কার জানিয়ে দেন, ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে তাঁদের এখনো সংশয় আছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ নতুন চুক্তিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের পরমাণু অস্ত্রের কারখানা কমানোর আহ্বান জানিয়েছেন।হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবস বলেছেন, মার্কিন সিনেট চুক্তিটি এ বছরই অনুমোদন করবে বলে আশা করছেন ওবামা। এ জন্য তাঁদের দুই-তৃতীয়াংশ সিনেটরের সমর্থন দরকার, যা ডেমোক্র্যাটদের নেই। এ জন্য রিপাবলিকানদের সমর্থন দরকার পড়বে।ইরান ইস্যু ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ অনেক ইস্যু নিয়ে এখনো মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ার পরিকল্পনায় অটল থাকলে মস্কো ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বেরিয়ে আসবে। নতুন এই চুক্তির আওতায় দুই দেশের প্রায় দুই-তৃতীয়াংশ অস্ত্র কমানোর কথা থাকলেও তাদের হাতে অন্যদের ধ্বংস করে দেওয়ার মতো উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র থেকে যাবে। তা ছাড়া স্বল্প দূরত্বের পরমাণু অস্ত্র এ চুক্তির আওতায় পড়বে না। সূত্র: এএফপি, রয়টার্স ও বিবিসি।