পরমাণু আলোচনা ফলপ্রসূ হবে: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ছয় শক্তিধর রাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ইরান। বুধবার দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মাহাদি আখন্দজাদেহি এ কথা বলেন। ইরাকের রাজধানী বাগদাদে ২৩ মে অনুষ্ঠেয় বিশ্বের সেরা ছয় শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনার আগে তিনি এ কথা বলেন।তবে মাহাদি বলেছেন, তার দেশ শান্তিপূর্ণ উপায়ে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার থেকে সরে আসবে না।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন চায় ইরান। এদিকে সমঝোতা প্রচেষ্টায় নিষেধাজ্ঞার একটি সমাধান আগামী বৈঠকে হবে বলে ইরানি কর্তৃপক্ষ মনে করছে।এদিকে বাগদাদের বৈঠক নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা গোলাম আলি হাদাদ। এক বিবৃতিতে হাদাদ বলেন, ‘আমাদের দাবি কমপক্ষে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বাগদাদে সমঝোতা আলোচনার মাধ্যমে ইস্তাম্বুলের আলোচনা পূর্ণতা পাবে। প্রতিপক্ষদের উচিত, ইরানের সঙ্গে যৌক্তিক আচরণ করা। এটা এ জন্য যে ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না।’প্রসঙ্গত, পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে—এমন অভিযোগ এনে ইরানের তেল আমদানি ও ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে। এসব বিষয় নিয়ে সমঝোতা করতেই বিশ্বের ছয় শক্তিধর রাষ্ট্র ও ইরানের মধ্যে এপ্রিলে তুরস্কে এক সম্মেলন হয়েছে। চলতি মাসে ইরাকের রাজধানী বাগদাদে দ্বিতীয় দফার আলোচনা হবে ইরান ও ছয়টি দেশের মধ্যে।