পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ায় ওয়াশিংটনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে গাড়ি বোমা হামলায় পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল বুধবার মোস্তফা আহমাদি রোশান (৩২) নামে ওই তরুণ পরমাণু বিজ্ঞানী গাড়ি বোমা হামলায় নিহত হন। তিনি তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।হামলার নিন্দা জানিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র টমি ভেইটর গতকাল বলেন, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। তিনি বলেন, ‘আমরা এই হামলাসহ সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই।’এ হামলায় ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়োভ মরদেচাই সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে পরমাণু বিজ্ঞানীর ওপর হামলাকে ‘প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কে বা কারা ওই বিজ্ঞানীর ওপর প্রতিশোধ নিয়েছে, তা আমি জানি না। তবে আমি তাঁর জন্য চোখের পানি ফেলব না।’ইরানের পরমাণু জ্বালানি সংস্থা পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনাকে একটি ঘৃণ্য কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। এ হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার খবরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রাহিমি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বোমা হামলা করে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা যাবে না। বিবিসি অনলাইন।