পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে কাঠামো চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে পাঁচ বছর মেয়াদি কাঠামো চুক্তি সই করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার মস্কোয় বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। রাশিয়ার পক্ষে ছিলেন সে দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো। চুক্তি সই করার সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। খবর বাসস ও ইউএনবির।এ চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেন, ‘দুই দেশের মধ্যে পরমাণু প্রযুক্তিবিষয়ক সহযোগিতার জন্য এ কাঠামো চুক্তি করা হয়েছে। এ চুক্তির আওতায় আরও অনেকগুলো কারিগরি চুক্তি সই হবে। আমরা আশা করছি, কয়েক মাসের মধ্যে এ চুক্তিগুলো করার বিষয়টি চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রী রাশিয়া সফরে গেলে এসব চুক্তি সই হবে। আমরা আশা করছি, চুক্তি সই হলে আগামী বছরই দেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতায় কাজ শুরু করতে পারব।’ প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের কথা রয়েছে।এ বিদ্যুৎকেন্দ্রের অর্থায়ন কীভাবে হবে বা এ সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অর্থায়ন, অবকাঠামো নির্মাণের স্থান, প্রশিক্ষণ ইত্যাদি বিষয় আলোচনার মাধ্যমে কয়েক মাসের মধ্যে ঠিক করা হবে।’ কাঠামো চুক্তি বলে কী বোঝাতে চাইছেন প্রশ্নে দীপু মনি বলেন, ‘এটি হলো, দুই দেশ পরমাণু প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সহযোগিতার বিষয়ে একমত হয়েছে।’চুক্তি সই শেষে রোসাটমের মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো বলেন, ‘পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত। রাশিয়া দেশে ও দেশের বাইরে অনেক পরমাণু অবকাঠামো তৈরি করেছে। বাংলাদেশের সঙ্গেও আমরা এ অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত।’কিরিয়েনকো জানান, এ চুক্তির আওতায় পরমাণু জ্বালানির জন্য ইউরেনিয়াম উৎপাদন ও সরবরাহ এবং পরমাণু-বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সহযোগিতাও অন্তর্ভুক্ত থাকছে। চুক্তির আওতায় রোসাটম বাংলাদেশে একটি জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ স্থাপন এবং পরমাণুবিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণেও সহায়তা দেবে।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এ চুক্তির ফলে রাশিয়ার সহযোগিতায় ২০১৭ সালের মধ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।চুক্তি স্বাক্ষরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এম আবদুর রব হাওলাদার, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক মোহাম্মদ শওকত আকবর, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে গতকাল বৈঠক করেছেন দীপু মনি। মস্কোয় রুশ ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে দুই মন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।