পরমাণু বিপর্যয় এড়াতে লড়ছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প ও সুনামিতে হতাহত লোকজনকে উদ্ধার এবং ত্রাণ-তৎপরতায় চরম হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ভূমিকম্পের পর দুই দিন পেরিয়ে গেলেও ত্রাণ পৌঁছানো যায়নি দুর্গত মানুষদের কাছে। খাবার, পানি ও বিদ্যুৎহীন অবস্থায় চরম অসহায় দিন কাটছে লাখ লাখ মানুষের। এই দুরবস্থার মধ্যে আরেক সম্ভাব্য ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় লড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরেকটি চুল্লিতে বিস্ফোরণের আশঙ্কার সৃষ্টি হয়েছে। চুল্লি ঠান্ডা করা না গেলে এতে বিস্ফোরণ ঘটতে পারে। এর ফলে ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনার মতো আরেকটি পরমাণু বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।হতাহত ও নিখোঁজ: গতকাল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মোট ৬৭৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।এ ছাড়া, দুই দিন পেরিয়ে গেলেও গতকাল পর্যন্ত নিখোঁজ ছিল হাজার হাজার মানুষ। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। শুধু মিয়াগি শহরেই নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।মৎস্যবন্দর মিনামিসানরিকুর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেখানকার মোট ১৭ হাজার বাসিন্দার মধ্যে ১০ হাজার মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবারের সুনামি ওই বন্দরের প্রায় ছয় কিলোমিটার ভূভাগ পর্যন্ত ধুয়ে নিয়ে যায়।উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ জানায়, উপকূলজুড়ে এখানে-সেখানে লাশের স্তূপ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রিকুজেন্তাকাতা শহরের আট হাজার বাড়ির মধ্যে পাঁচ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী সেনাবাহিনী গতকাল জানায়, সেখানে প্রায় ৪০০ লাশ পাওয়া গেছে।উদ্ধার ও ত্রাণ-তৎপরতা: গতকাল এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী নাওতো কান বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যয়ের পর জাপানের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন। উদ্ধারকাজে সেনাসংখ্যা দ্বিগুণ অর্থাৎ ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করা হচ্ছে জানিয়ে কান বলেন, মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও উদ্ধার ও ত্রাণ-তৎপরতা বেশ হতাশাব্যঞ্জক। যোগাযোগব্যবস্থা একেবারেই ভেঙে পড়ায় দুর্গত লোকজনের কাছে পৌঁছাতে চরম বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এই অবস্থায় খাবার, পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ।প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিতাজাওয়া বলেন, এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে, তারা ত্রাণ-সহায়তার অপেক্ষায় আছে। সত্যিই পরিস্থিতি ভয়াবহ।শত শত বিমান ও জাহাজ নিয়ে আকাশ, নৌ ও স্থলপথে লোকজনকে উদ্ধার করা হচ্ছে, জরুরি খাবার ও পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বিদ্যুৎ ও টেলিফোন লাইন অচল থাকায় এবং পুরো এলাকা কাদা পানিতে ভরে থাকায় উদ্ধার-তৎপরতা ব্যাহত হচ্ছে। এ ছাড়া কিছুক্ষণ পর পর ভূমিকম্পের পরাঘাতের জন্য উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গতকাল পর্যন্ত দুই দিনে প্রায় ২৭৫টি পরাঘাত অনুভূত হয়েছে।এর পরও আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারে করে। যেসব বাড়িঘরে আগুন জ্বলছে, তা নেভানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে গতকালও প্রায় ৫৬ লাখ বাড়িতে বিদ্যুৎ ছিল না এবং পানি ছিল না ১০ লক্ষাধিক বাড়িতে। এতে করে স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।বন্দরনগর সেন্দাইয়ের পাশের তাগাজো শহরের একটি হাসপাতালে আশ্রয় নিয়েছে আহত অনেক মানুষ, কিন্তু ওই হাসপাতালেও পানি ও বিদ্যুৎ নেই। হাসপাতালের কর্মকর্তা ইকুরো মাতসুমোতো বলেন, ‘এখন পর্যন্ত পানি ও বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি। গুরুতর অসুস্থ অনেক মানুষ এখানে আছে।’মাসাহি ইমাই নামের এক ব্যক্তি বলেন, ‘গত দুই দিনে আমি এক টুকরা রুটি ছাড়া আর কিছুই পাইনি।’বিদেশি সাহায্য: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানায়, এ পর্যন্ত ৬৯টি দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থা সাহায্য-সহযোগিতার প্রস্তাব দিয়েছে।যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী জাহাজ রোনাল্ড রিগ্যান পাঠিয়েছে উদ্ধারকাজে যোগ দেওয়ার জন্য। গতকাল সকালে জাহাজটি জাপানের উত্তর-পূর্ব উপকূলে পৌঁছেছে। এই জাহাজে হাসপাতালের ব্যবস্থা আছে এবং এটি সাগরের লোনা পানি থেকে সুপেয় পানি তৈরি করতে পারে। এই জাহাজ থেকে উদ্ধারকারী বিমান ও হেলিকপ্টারে জ্বালানি সরবরাহ এবং উদ্ধারকর্মীদের নির্ধারিত স্থানে পৌঁছে দিতে অনুরোধ করেছে জাপান।পরমাণু দুর্যোগ: ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা-১ ও ফুকুশিমা-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমপক্ষে পাঁচটি পারমাণবিক চুল্লি আংশিক বা পুরোপুরি গলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই দুটি কেন্দ্রে যথাক্রমে ছয়টি ও চারটি চুল্লি আছে। এর মধ্যে ফুকুশিমা-১ কেন্দ্রের তিন নম্বর চুল্লিতে গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় সেখানে বিস্ফোরণের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে গতকাল জানান দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউকিও এদানো। ওই চুল্লিতে বিস্ফোরণ হলে এর ভয়াবহতা অন্য যেকোনো চুল্লির চেয়ে বেশি হতে পারে। কেননা অন্য চুল্লিগুলোতে জ্বালানি হিসেবে শুধু ইউরেনিয়াম থাকলেও ওই চুল্লিতে ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়ামও রয়েছে।এর আগে গত শনিবার ফুকুশিমা-১ কেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে ভেঙে পড়ে ওই কেন্দ্রের শীতলীকরণব্যবস্থা। বিশেষজ্ঞ ও কর্মীরা ওই কেন্দ্রে সাগরের পানি ঢুকিয়ে চুল্লি ঠান্ডা রাখার চেষ্টা করছেন। সেখানে জরুরি অবস্থা জারি করে আশপাশের এলাকা থেকে প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ১৬০ জন তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ওয়াশিংটনে গতকাল সংবাদ সম্মেলন করে কয়েকজন পরমাণু বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেন, জাপানে চেরনোবিলের মতো সংকট সৃষ্টি হতে পারে। এএফপি, রয়টার্স, বিবিসি।