পরমাণু যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান (ভিডিও)
পাকিস্তান ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে এবং পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী আজ সোমবার এ তথ্য জানায়।রয়টার্সের খবরে বলা হয়, সঠিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ১৮০ কিলোমিটার পাল্লার হাতফ-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরমাণু এবং উচ্চক্ষমতাসম্পন্ন প্রচলিত অস্ত্র বহন করতে পারে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ওই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের কৌশলগত বাহিনীকে আরও সক্ষম করে তুলবে।ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানোর ওই কর্মসূচিতে পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল খালিদ আহমেদ কিদাওয়াই উপস্থিত ছিলেন। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও অংশ নেন।ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে পরমাণু অস্ত্র ক্ষমতাধর দেশ হওয়ার পর থেকেই দুই দেশই নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। পাকিস্তানের স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।কোনো রকম উত্তেজনা বৃদ্ধি নয়, নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম হিসেবে ওই পরীক্ষা চালনা করা হয়েছে বলে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বাসস, রয়টার্স।