পরমাণু শক্তি অর্জনে আরেক ধাপ এগোলো ইরান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক কর্মসূচিতে ইরান আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি খবরে তথ্য জানিয়েছে। ইরানের এই পদক্ষেপের কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উদ্বেগ প্রকাশ করে ইরানকে একঘরে করে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরিশোধন ও সংরক্ষণের নতুন যন্ত্র তৈরি এবং নিজস্ব পারমাণবিক চুল্লির প্লেট তৈরি করেছে। এর ফলে আরও দ্রুত গতিতে এবং অধিক পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব হবে।

এর ফলে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ আরও বেড়ে গেছে। সেই সঙ্গে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সংকট আরও ঘনীভূত হলো। কেননা, যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তিরা দাবি করে আসছে, পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। ইরানের এই ঘোষণা তাদের নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে।