গত ২৮ জুলাই বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজনে জামিল সারোয়ার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় রাধাগোবিন্দচন্দ্র স্মারক বক্তৃতা। উপমহাদেশের প্রথম পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্রকে স্মরণ করে এই বক্তৃতার আয়োজন করা হয়। এবারের বক্তৃতার বিষয়বস্তু ছিল ‘উষ্ণতম ও শীতলতম পরমাণুর জ্যোতির্বিজ্ঞান’। ইউনিভার্সিটি অব ওহিওর জ্যোতির্বিজ্ঞান অনুষদের শিক্ষক এবং নাসার বিজ্ঞানী সুলতানা নুরুন নাহার এই বক্তৃতা দেন।বিজ্ঞানী তাঁর বক্তব্যে ছোট পরমাণুর বর্ণালি থেকে শুরু করে প্ল্যানেটরি নেব্যুলা বা গডস আই—সবই নিয়ে আনেন। কেন সূর্যের কোর থেকে আলো নির্গত হয়ে তা সূর্যের পৃষ্ঠে পৌঁছাতে মিলিয়ন মিলিয়ন বছর সময় নেয়, এরও সুন্দর ব্যাখ্যা পাওয়া যায়। মহাবিশ্বের উষ্ণতম ও শীতলতম বস্তুর বৈশিষ্ট্যাবলি যথাযথভাবে বোঝা গেলে, বিজ্ঞানীরা এই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন বলে তিনি জানান। আরও শোনান মহাবিশ্বের অজানা আর রহস্যময় সব উপাখ্যান। বক্তৃতা শেষে তিনি উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দেশের বাইরে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে চাইলে কীভাবে নিজেকে তৈরি করতে হবে তার ওপরও তিনি আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে এই বিজ্ঞানীর হাতে সনদ ও ফুল তুলে দেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগে সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার। সুলতানা নুরুন নাহার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিকে তাঁর ব্যক্তিগত সংগ্রহের কিছু বই ও সিডি উপহার দেন। আগামী ৪ থেকে ৬ অক্টোবর বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত বিশ্ব জ্যোতির্বিজ্ঞান সপ্তাহ এবং আগামী ৭ অক্টোবর ভাসানী নভোথিয়েটারে আবদুল জব্বার স্মৃতি কর্মশালার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই স্মারক অনুষ্ঠান।