পররাষ্ট্র ক্যাডারে আমরা সাত
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকরির জন্য একটা স্বপ্নের জায়গা। তার ভেতরেও পররাষ্ট্র ক্যাডার থাকে পছন্দের শীর্ষে। তাই লড়াই চলে হাড্ডাহাড্ডি। ৩১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়েছেন মোট ১৮ জন। নিজেদের মেধা আর যোগ্যতার বিচারে এখানে স্থান করে নিয়েছেন সাতজন নারী। এবার শোনা যাক তাঁদের কথা। শামীমা ইয়াসমীন ছোটবেলায় ছিলেন দুষ্টুর শিরোমণি। তবে পড়াশোনা করতেন একটু নিয়ম করেই। বাবা শহীদউল্লাহর চাকরির সুবাদে ঝিনাইদহ সরকারি কলোনিতে কেটেছে নিজের ছোটবেলা। নিয়মিত ক্লাসে প্রথম হতেন বলেই তাঁর দুষ্টুমি গায়ে মাখত না কেউ। ভালো ফলাফলের ধারা বজায় রেখেই ৩১তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে হয়েছেন তৃতীয়। আর সম্মিলিত মেধাতালিকায় হন ষষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে পড়ার সময় বিয়ে হয় তাঁর। কিন্তু পড়াশোনা চালিয়ে যান। শামীমা বলেন, ‘বিয়ের পর পড়াশোনা করতে স্বামী বা তাঁর পরিবারের একটা সমর্থন দরকার হয়। আর আমি সেটা পেয়েছি পরিপূর্ণভাবে। আর হয়তো তাই আজ এখানে আসতে পেরেছি।’ এতকিছুর পরও নাকি তাঁর ভেতরে আলাদা একটা শক্তি কাজ করে, আর সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তিনি আরও বলেন, ‘এই বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’মৌমিতা জীনাতরাজশাহীর মেয়ে মৌমিতা জীনাত। একাডেমিক পড়াশোনার সবটাই করেছেন রাজশাহীতে। ৩১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে হয়েছেন পঞ্চম। কাজ করার সুযোগ পেয়েছেন তাঁর পছন্দের জায়গা পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও নিউ ডিগ্রি কলেজের পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিষয়ে পড়েছেন অনার্স ও মাস্টার্স। দুটোর ফলাফলেই ছিল প্রথম শ্রেণী। মৌমিতা বলেন, ‘যেকোনো বিষয় নিয়েই আমি একটা আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করি। বিসিএসে শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ নিজের মেধা দিয়ে দেশের জন্য কাজ করতে চান মৌমিতা। দয়াময়ী চক্রবর্তীচাঁদপুরের মেয়ে দয়াময়ী চক্রবর্তী এসএসসির পরেই পাড়ি জমান ঢাকায়। ২০০১ সালে ভর্তি হন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এসএসসি ও এইচএসসি—দুটোতেই স্টার মার্কস। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। পড়াশোনা শেষ করে ভিকারুননিসা নূন কলেজে যোগ দেন ইংরেজির শিক্ষক হিসেবে। এর ভেতরে বিয়ের পাট চুকিয়ে ফেলেন। বাবা খুব করে চাইতেন মেয়ে তাঁর বিসিএস দিয়ে বড় সরকারি চাকুরে হবে। এরপর বিসিএস দেওয়ার জন্যই চাকরি ছেড়ে শুরু করেন পড়াশোনা। দয়াময়ী বলেন, ‘আমি যখন যে কাজটা করি, মনোযোগটা সেখানেই রাখি। এতে সফল হওয়া যায় সহজে। বিসিএসের জন্য তো আমি আর আমার স্বামী একসঙ্গেই পড়তাম। মজার বিষয় হচ্ছে, আমরা দুজনেই একসঙ্গে সুযোগ পেলাম পররাষ্ট্র ক্যাডারে।’ তিনি নিজের দেশকে আরও এগিয়ে নিতে কাজ করতে চান।মাহফুজা সুলতানাছুটি পেলেই বাবার চাকরির সুবাদে ঘোরা হয়েছে বিভিন্ন দেশ। আর সেসব দেশে বিভিন্ন অনুষ্ঠানে বাবা তাঁকে পরিচয় করিয়ে দিতেন, ‘সে দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে! সেই থেকে মাহফুজা সুলতানার স্বপ্ন বড় হয়ে রাষ্ট্রদূত হবেন।এর পর থেকে স্বপ্নকে বাস্তবে ফলানোর চেষ্টা। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে। স্নাতকোত্তর শেষ করে ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নিজের এই সাফল্যের কারণ জানতে চাইলে মাহফুজা বলেন, ‘আমার পরিবার কিংবা প্রতিষ্ঠান কখনোই শেখায়নি কিংবা বলেনি যে তুমি মেয়ে। তুমি এটা করতে পারবে না, ওটা করবে না। আজকের এই সাফল্যের পেছনে এটি গুরুত্বপূর্ণ চাবি।’তুষিতা চাকমা২০০১ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ আর উচ্চমাধ্যমিকে মাত্র ৩.৬০! ২০০৩-০৪ সেশনে মেধাতালিকায় স্থান পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। এই সাফল্যবন্দনা এখানেই শেষ নয়। ৩১তম বিসিএসের মাধ্যমে যুক্ত হন পররাষ্ট্র মন্ত্রণালয়ে।শিক্ষক মা আর চিকিৎসক বাবার মেয়ে র্তুষিতা কাপ্তাইয়ের কেপিএম পেপার মিল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য মা-বাবাকে ছেড়ে আসেন ঢাকা শহরে। হোস্টেলে বা মেসে তাঁকেও করতে হয়েছে আরও দশটা মেয়ের মতো টিকে থাকার লড়াই। বড় কিছু করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন তিনি। আর সেসব চ্যালেঞ্জ জিতে সামনে এগিয়ে চলেছেন তুুষিতা চাকমা।সায়মা রাজ্জাকী‘গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছি সমাবর্তন। আর এ বছর সমাবর্তনে নিজেই গেস্ট অফিসার! প্রথমে যতবার ভেবেছি, ততবারই অবাক হয়েছি।’ বলছিলেন সায়মা রাজ্জাকী। কীভাবে সম্ভব হলো এটা? ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। বরিশালের গৌরনদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও অমৃতলাল দে কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ছিলেন শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সভাপতি। সায়মা বলেন, বাবা বলতেন, সব সময় ভালো জায়গায় ও মেধাবী মানুষের সঙ্গে কাজ করবে। তাহলে ভালো কিছু শিখতে পারবে।মাহমুদা খানমবই তাঁর নিত্যসঙ্গী। সময় আছে হাতে, তখন বই নিয়ে বসতেন। বলছি শ্রীমঙ্গলের মাহমুদা খানমের কথা। ৩১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যুক্ত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জানালেন, ‘বিসিএসে নিজের মেধা দিয়ে সেখানে স্থান করে নিয়েছি। এর চেয়ে আনন্দের আর কী থাকতে পারে।’মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেছেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। পড়াশোনা ও পেশায় এই ছন্দ ধরে রাখতে চান ভবিষ্যতেও।