পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া জিয়াউদ্দিনের বক্তব্য ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে বেলজিয়ামপ্রবাসী আইনজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের ‘কথিত’ স্কাইপ কথোপকথনের বিষয়ে জিয়াউদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে লিখিত বক্তব্য পেশ করেছেন, তা দ্রুত পেশের জন্য ওই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জিয়াউদ্দিনের কোনো লিখিত ব্যাখ্যা এখনো ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় পায়নি। গতকাল সোমবার জিয়াউদ্দিনের পাঠানো ই-মেইল বার্তা থেকে ট্রাইব্যুনাল জানতে পেরেছেন, জিয়াউদ্দিন বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে স্কাইপ কথোপকথন বিষয়ে লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন এবং সেখান থেকে তা ২৪ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ওই বক্তব্য এখনো ট্রাইব্যুনালে পাঠায়নি, তা বোধগম্য নয়। তাই যত দ্রুত সম্ভব সে ব্যাখ্যা ট্রাইব্যুনালে পাঠাতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।