গত বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রাক্কালে বিভিন্ন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মতত্পরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। উইকিলিকসের প্রকাশ করা তারবার্তায় বাংলাদেশে নিযুক্ত তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির বরাত দিয়ে এ কথা বলা হয়েছে। জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তায় লিখেছেন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন ১০ জানুয়ারি সকালে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেন। গওহর রিজভী এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, তাঁদের সৃজনশীলতা ও দূরদৃষ্টির অভাব রয়েছে।মার্কিন রাষ্ট্রদূতকে রিজভী জানান, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে এসব আলাপ-আলোচনা সরকারের মধ্যে গোপন রাখা হয়। পররাষ্ট্রমন্ত্রীকে এর সঙ্গে যুক্ত করা হয় শুধু আগের সপ্তাহে। এত দিন আমলাতন্ত্রের জটে আটকে থাকা চুক্তি এগিয়ে নিতে শেষ পর্যায়ে যুক্ত করা হয় প্রধানমন্ত্রীর অন্য দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও মসিউর রহমানকে। রিজভী স্বীকার করেন, শেখ হাসিনার সফরে কতটা কী অর্জিত হবে, তা নিয়ে প্রথমে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্ক পুরোপুরি পাল্টে দেওয়ার মতো চুক্তির প্রেক্ষাপট তৈরি করা সম্ভব হয়েছে।রিজভী মরিয়ার্টিকে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভারত সফর দীর্ঘায়িত করে ভুল করছেন বলে তিনি মনে করেন। তারবার্তা মতে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ভারত-বাংলাদেশ আলোচনায় সবচেয়ে কঠিন বিষয় ছিল সমুদ্রসীমাবিষয়ক সংলাপ। তিনি বলেছেন, বাংলাদেশ একতরফাভাবে আন্তর্জাতিক মধ্যস্থতার দ্বারস্থ হলে ভারত হতাশ হয়েছিল। তবে তিস্তা ইস্যুতে তিনি তুলনামূলকভাবে বেশি আশাবাদী ছিলেন।তারবার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক এ অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য অনুকূল।এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বিকেলে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্ন করেন, ‘এটা তো পুরোনো একটি প্রসঙ্গ, এটি আবার নতুন করে আলোচনায় আনা হচ্ছে কেন?’দীপু মনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঐতিহাসিক সফরের সময় এ বিষয়টি হঠাত্ চাউর হলো কেন? আমার ধারণা, এক ইতিবাচক ও ঐতিহাসিক সফর থেকে দৃষ্টি সরিয়ে দিতেই বিষয়টি নতুন করে তোলা হয়েছে।’