মুক্তিযুদ্ধের সময় অন্য অনেক বাঙালি কূটনীতিকের মতো পাকিস্তানের পক্ষ ত্যাগ করে প্রবাসী বাংলাদেশ সরকারে যোগ দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও সাবেক পররাষ্ট্রসচিব এনায়েত করিম। মুক্তিযুদ্ধে তাঁদের এই অবদান বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ভুলে থাকাটা একধরনের পরিহাস বলে মন্তব্য করেছেন শাহ কিবরিয়ার সহধর্মিণী আসমা কিবরিয়া।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে ২৪ এপ্রিল লেখা চিঠিতে শিল্পী আসমা কিবরিয়া তাঁর হতাশার কথা জানান।‘১৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস পালিত হবে’ শিরোনামে ২৪ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আসমা কিবরিয়া পররাষ্ট্রসচিবকে ওই দিন চিঠি লেখেন। চিঠির অনুলিপি তিনি প্রথম আলোর কাছেও পাঠান।আসমা কিবরিয়া লেখেন, ‘পাকিস্তানের চাকরি ছেড়ে দিয়ে যেসব সরকারী কর্মকর্তা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন, তাঁদের স্বীকৃতি জানানোর খবর শুনে আমি আনন্দিত। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, যাঁরা মারা গেছেন (একমাত্র ব্যতিক্রম হোসেন আলী), তাঁদের অনেকের অবদান বিস্মৃত হয়েছে। ভুলে থাকা এসব পেশাদার কূটনীতিকদের মধ্যে আছেন আমার প্রয়াত স্বামী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও সাবেক পররাষ্ট্রসচিব এনায়েত করিম। তাঁরা দুজন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওয়াশিংটনে কর্মরত ছিলেন।’ তিনি আরও লেখেন, স্বাধীনতার পর শাহ কিবরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও পরবর্তীকালে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালনের মাধ্যমে এই মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখেন। তিনি স্বাধীনতার পর বৈরী আন্তর্জাতিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সাহচর্যে বাংলাদেশের স্বীকৃতি আদায় ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্ব পালন করেন। আধুনিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিত্তি গঠনের জন্য শাহ কিবরিয়ার অবদান স্বীকৃত। এ ছাড়া পররাষ্ট্রসচিব এনায়েত করিম বিশেষ কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাই আওয়ামী লীগ সরকারের আমলে তাঁদের ভুলে থাকাটা পরিহাস বটে।