পররাষ্ট্রনীতির মূল আদর্শকে ভিত্তি করে এগোনোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে তৈরি ইশতেহার ‘পরিবর্তনের সনদে’ ‘শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব’—এ মূল নীতির ভিত্তিতে এগোনোর অঙ্গীকার করেছিল আওয়ামী লীগ। সেভাবেই দেশের পররাষ্ট্রনীতির মূল আদর্শকে ভিত্তি করে এগিয়েছে সরকারের প্রথম বছরের আন্তর্জাতিক সম্পর্ক। এরই ধারাবাহিকতায় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বছরজুড়েই সরকার বেশ সচেষ্ট ছিল। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে অগ্রগতির ক্ষেত্রে সুস্পষ্ট ইঙ্গিত মিললেও পরিষ্কার হয়নি অপর প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ভবিষ্যত্।তবে বাণিজ্য ও বিনিয়োগ অবকাঠামো চুক্তি (টিফা) এবং কসোভোর বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতা যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেনি। মোটামুটি স্থিতিশীল কেটেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো; বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক। তবে বিশ্বরাজনীতির অন্যতম প্রধান শক্তি চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি চোখে পড়েনি। সব মিলিয়ে বিভিন্ন দেশ, অঞ্চল ও জোটের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের লক্ষ্য কী, তা স্পষ্ট হয়নি।কোপেনহেগেন সম্মেলনকে কেন্দ্র করে সারা বছর আন্তর্জাতিক সম্পর্কের আলোচিত বিষয়বস্তু ছিল জলবায়ু পরিবর্তন। তাই বিশ্ব জলবায়ু সম্মেলন ঘিরে বছরজুড়েই বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে বাংলাদেশ উচ্চকণ্ঠ থেকেছে। যার ফলে কোপেনহেগেন আলোচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে জোরালো ছিল বাংলাদেশের দাবি। এ দাবির যৌক্তিকতার পক্ষে সমর্থনও মিলেছে ব্যাপকভাবে। যদিও আইনি বাধ্যবাধকতামূলক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় স্বল্পোন্নত ও জলবায়ুর পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের ভূমিকা।আলোচনায় ভারত: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বছরজুড়েই আলোচনায় ছিল ভারতের নাম। গত এক বছরে দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক বিশেষ একটি পর্যায়ে উন্নীত হওয়ার আভাস মিলেছে। দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানের ব্যাপারে সীমান্তের দুই পারে রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ সাম্প্রতিক সময়ে জোরালো মনে হয়েছে। বছরের মাঝামাঝি প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করেছিল। সংসদীয় দলের ভারত সফরের পর নিশ্চিত হওয়া গেছে, প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তা ছাড়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সুস্পষ্টভাবেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের ক্ষতি হবে এমন কোনো প্রকল্প নিয়ে এগোবে না দিল্লি। সংগত কারণেই সংসদীয় দলের সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্কের পালে নতুন হাওয়া লেগেছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ছাড়া দ্বিপক্ষীয় আলোচনার অন্য কাঠামোগুলো অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট সক্রিয় ছিল। গত সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত দীপু মনি এবং এস এম কৃষ্ণার বৈঠককে সম্পর্কোন্নয়নের বিশেষ মোড় হিসেবে চিহ্নিত করছে পর্যবেক্ষক মহল।ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের অমীমাংসিত বেশ কিছু বিষয় সমাধানের জন্য কার্যকর সিদ্ধান্ত নেন; বিশেষ করে, আগামী দিনগুলোতে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত বিরোধ নিষ্পত্তি, আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠা, বিদ্যুত্ খাতে সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই মন্ত্রী মতৈক্যে পৌঁছান।বছরের শেষার্ধে ভারতের বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রেপ্তার হওয়ায় নিরাপত্তা নিয়ে দিল্লির দীর্ঘদিনের উদ্বেগ দূর হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। ভারতের ভূখণ্ড থেকে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ শীর্ষ নেতৃত্বের কয়েকজন গ্রেপ্তার হওয়ায় দিল্লি আশ্বস্ত হতে শুরু করেছে। সামগ্রিকভাবে বলা যায়, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এ ব্যাপারে এক ধরনের উপলব্ধি তৈরি হয়েছে যে এক দেশকে অন্য দেশের উদ্বেগ-উত্কণ্ঠা দূর করার ব্যাপারে সচেষ্ট হতে হবে।টিফা ও কসোভো প্রশ্নে সিদ্ধান্তহীনতা: বছরজুড়েই বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে ছিল টিফা (বাণিজ্য ও বিনিয়োগ অবকাঠামো চুক্তি) সই ও কসোভোর স্বাধীনতাকে ঢাকার স্বীকৃতিদানের প্রসঙ্গ। টিফা নিয়ে সরকার শুরুতে তত্পর ছিল। কিন্তু চুক্তিটি সইয়ের বিষয়ে সময় নেওয়ায় বছরের শেষ ভাগে এসে আলোচনার প্রক্রিয়াও অনেকখানি ঝিমিয়ে পড়ে। এ বিষয়টির মতো কসোভোকে স্বীকৃতিদানের ক্ষেত্রেও দ্বিধায় থেকেছে সরকার। কারণ, সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্রের দেশটিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের চাপ যেমন ছিল, না দেওয়ার প্রশ্নে চাপ ছিল রাশিয়ার। তাই টিফার মতো এটি নিয়েও ধীরে চলো নীতি অনুসরণ করেছে সরকার। এ দীর্ঘসূত্রতায় অসন্তুষ্ট হয়েছে ওয়াশিংটন।যুদ্ধাপরাধের বিচার, সৌদি আরব ও পাকিস্তান: ক্ষমতায় আসার পর থেকেই সরকার তার অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া শুরুর ব্যাপারে কথা বলতে শুরু করে। আর প্রসঙ্গটি সামনে আসায় সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে শীতল সম্পর্কের সৃষ্টি হয়। ধারণা করা হয়ে থাকে, জামায়াতে ইসলামীর সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতার কারণে মধ্যপ্রাচ্যের এ দেশ বিষয়টি ভালো চোখে দেখেনি। কারণ, জামায়াতের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করে ওমরাহ পালনের পাশাপাশি সৌদি বাদশাহর সঙ্গে দেখা করেন।সরকারের দাবি, প্রধানমন্ত্রীর সৌদি সফরের পর দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে। যদিও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়টি ওই সফরের পর তেমন একটা এগোয়নি। অবশ্য প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে ফেরার পর যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে সরকার কিছুটা ধীরে চলা শুরু করে।যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সরকারের অবস্থানের কারণে বছরজুড়ে শীতল ছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। বিচার বন্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় তদবির করেছে পাকিস্তান।সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি: গত বছর সরকারের নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলোর মধ্যে চমকপ্রদ ছিল সমুদ্রসীমা নির্ধারণে বিরোধ নিষ্পত্তির জন্য জাতিসংঘে সালিস আদালতে যাওয়ার সিদ্ধান্ত। দীর্ঘ প্রায় তিন দশক পর ২০০৮ সালে দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু হয়। আলোচনা চলার মাঝপথে হঠাত্ কেন এ সিদ্ধান্ত, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুধু আলোচনায় এ বিরোধ মীমাংসা নাও হতে পারে। তা ছাড়া সালিসে যাওয়ার অধিকারও বাংলাদেশের আছে। এই প্রেক্ষাপটে সরকার কৌশল হিসেবে আলোচনার পাশাপাশি গত অক্টোবরে জাতিসংঘের সালিস আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।চুক্তিভিত্তিক নিয়োগ ও তিন দূতকে প্রতিমন্ত্রীর মর্যাদা: সরকার বিদেশে বাংলাদেশ মিশনের বড় অংশে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। মোট নিয়োগের সর্বোচ্চ ৩০ শতাংশ নিয়োগের ধারা লঙ্ঘন করে সরকার ৪৭টি মিশনে ১৭টি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। শতকরা হিসাবে এই হার ৪০ ভাগ ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি অক্টোবরে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তিন কূটনীতিককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। কারণ, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাজ করতে হয় পররাষ্ট্রসচিবের নেতৃত্বে। সে ক্ষেত্রে ওই তিন কূটনীতিকের ক্ষেত্রে কাজের সমন্বয় কীভাবে হবে, সেটা অস্পষ্ট।