পররাষ্ট্রমন্ত্রী পদে জন কেরিকে মনোনয়ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর জন কেরিকে (৬৯) মনোনীত করেছেন। তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।হোয়াইট হাউসে সাংবাদিকদের ওবামা বলেন, কেরির সারা জীবনের কর্মকাণ্ড তাঁকে এ পদে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছে। বিশ্ব নেতাদের কাছ থেকে কেরির অর্জিত ‘সম্মান ও আস্থার' জন্য প্রেসিডেন্ট ওবামা তাঁর ভূয়সী প্রশংসা করেন। জন কেরি ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রিপাবলিকান প্রার্থী জর্জ বুশের কাছে পরাজিত হন। তিনি বর্তমানে সিনেটে পররাষ্ট্র সম্পর্ক-বিষয়ক কমিটির চেয়ারম্যান।ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতার জন্য কোথায় কী ব্যবহার করা প্রয়োজন, তা ভালো বুঝতে পারেন জন কেরি। বর্ষীয়ান এই সিনেটরকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য দীর্ঘ সময়ের প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ওবামা আশা প্রকাশ করেন, সিনেটে খুব সহজে জন কেরি উতরে যাবেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকস্থলীর ভাইরাসজনিত সংক্রমণে অসুস্থ হয়ে পড়ায় জন কেরির নাম ঘোষণার সময় উপস্থিত থাকতে পারেননি। এক বিবৃতিতে হিলারি বলেছেন, পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে জন কেরিকে বাছাই করা চমত্কার হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব টেকসই ও আরও জোরদার করতে সক্ষম হবেন।