পররাষ্ট্রমন্ত্রীকে সংযত ভাষায় কথা বলার পরামর্শ শামসুজ্জামানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারেক রহমানকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেওয়া বক্তব্য বিভ্রান্তিমূলক। সরকারের মন্ত্রী-এমপিরা এখন যা বলবেন, বিএনপি তার হিসাব রাখবে এবং যথাসময়ে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।’ আজ বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র শামসুজ্জামান এসব কথা বলেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ‘সংযত’ ও ‘গ্রহণযোগ্য’ ভাষায় কথা বলার পরামর্শ দেন এবং তাঁর বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানান।পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে শামসুজ্জামান বলেন, এক-এগারোর সুযোগসন্ধানী সময়ে দীপু মনির রাজনীতিতে আগমন হয়েছে। কাউকে সন্তুষ্ট করতে এ ধরনের কথা বললেও তিনি (পররাষ্ট্রমন্ত্রী) মন্ত্রীর পদমর্যাদা ক্ষুণ্ন করেছেন। তিনি দাবি করেন, তারেক রহমান পদত্যাগ করেননি।একই সঙ্গে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে শামসুজ্জামান বলেন, ‘তাঁদেরকে মন্ত্রী করে পরিচিত করতে হয়েছে। কিন্তু তারেক রহমানকে সাংসদ বা মন্ত্রী করে পরিচিত করতে হয়নি। দেশের ১৬ কোটি মানুষ তারেক রহমানকে আদরের ধন মনে করে।’ এ সময় তিনি তারেক রহমানকে ‘গণতন্ত্রের প্রতীক’ বলেও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, শামীমুর রহমান প্রমুখ।