পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য: মানবাধিকার ফোরাম
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্য বিশেষভাবে হতাশাজনক ও অগ্রহণযোগ্য। তিনি এ বক্তব্যের মাধ্যমে সত্যকে এড়িয়ে গেছেন।আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ কথা বলা হয়। ফোরামের সভাপতি এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল লিখিত বক্তব্য পড়ে শোনান। বক্তব্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমসংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন করে তা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তিনি। আসকসহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), এসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ), বাংলাদেশ আদিবাসী ফোরাম, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ মহিলা পরিষদ, নারীপক্ষসহ দেশের ১৯টি মানবাধিকার সংগঠন এই ফোরামের সদস্য। অধিবেশনে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ও অবস্থান জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়।গত ২৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় জাতীয় মানবাধিকার কাউন্সিলের ১৬তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হয়। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল এ পর্যালোচনায় অংশ নেন। অন্য মানবাধিকার সংগঠনের পাশাপাশি মানবাধিকার ফোরাম বাংলাদেশও এতে অংশ নেয়।অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ৯৭টি দেশের প্রতিনিধিরা ১৯৬টি সুপারিশ প্রদান করেন। এর মধ্যে ১৬৪টি সুপারিশ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। ২৫টি সুপারিশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সেপ্টেম্বরে মানবাধিকার কাউন্সিলের অধিবেশন পর্যন্ত সময় নিয়েছে সরকার। বাকি সাতটি সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে। প্রত্যাখ্যান করা সুপারিশগুলোর মধ্যে মৃত্যুদণ্ড বিলোপ করা ও তা বিলোপের আগ পর্যন্ত সব ফাঁসি বন্ধ রাখা, রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অন্যদের মানবিক সহায়তা দেওয়ার জন্য সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া উল্লেখযোগ্য। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭১ সালে যাঁরা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ করে দীর্ঘদিন ধরে বিচারের আওতামুক্ত ছিল, প্রচলিত আইন অনুযায়ী তাঁদের সুষ্ঠু বিচার ও শাস্তি হওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার উন্নয়নে বা সুরক্ষায় সরকারের কাজের যে মূল্যায়ন তুলে ধরেছেন, তার অনেক দিক নিয়েও দ্বিমত রয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের উদ্বেগ হলো, পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সব নাগরিকের মানবাধিকার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। যদিও এ সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রেখে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রকে একটি ধর্মীয় পরিচয় প্রদানের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের নাগরিক বোধে আঘাত করা হয়েছে বলে আমরা মনে করি। তিনি আরও উল্লেখ করেছেন, এ সংশোধনীর মাধ্যমে সব নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আদিবাসীদের পৃথক জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়নি।’ লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘সাভার ট্র্যাজেডির ঘটনায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের তৈরি পোশাক ও কুটিরশিল্পের শ্রমিকদের সর্বোচ্চ আইনি ও পেশাগত সুরক্ষা প্রদানসংক্রান্ত সুপারিশ ছাড়া বাংলাদেশ সরকার অন্য সুপারিশগুলো গ্রহণ করেছে। আমরা আশা করছি, এ সুপারিশটিও দ্রুত গ্রহণ করা হবে।’ এ ছাড়া, গৃহীত ও বিবেচনায় থাকা সুপারিশগুলোর ব্যাপারে বাস্তবভিত্তিক, দৃশ্যমান ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন