পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক নয়: দেবাশীষ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিদেশি কূটনীতিকদের কাছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয় দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অনেকাংশেই সঠিক নয়। এ বিষয়ে তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যে উদ্ধৃতি টেনেছেন, তা-ও সঠিক নয়।গতকাল বুধবার এক বিবৃতিতে দেবাশীষ রায় এ কথা বলেন। এর আগে গত মঙ্গলবার বিদেশি দূতাবাস ও হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন দীপু মনি। এই ভূখণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে, তারা এ দেশের ‘অধিবাসী’; কোনোভাবেই ‘আদিবাসী’ নয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে এসব জাতিগোষ্ঠীকে ‘উপজাতি’র বদলে ‘জাতিগত সংখ্যালঘু’ হিসেবে উল্লেখ করা হয়েছে জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতদের বলেন, নৃতাত্ত্বিক পরিচয়, ঔপনিবেশিক ইতিহাস ও জাতি হিসেবে বাঙালির পরিচয় নিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতি এক ধরনের বৈশ্বিক ‘ভুল ধারণার’ শিকার হচ্ছে। এর প্রতিক্রিয়ায় দেবাশীষ রায় বলেছেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কোথাও ‘জাতিগত সংখ্যালঘু’ শব্দটির উল্লেখ নেই। বরং সংবিধানে নতুন যুক্ত ২৩(ক) দফায় আদিবাসী বোঝাতে ‘ক্ষুদ্র জাতিসত্তা’, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ ও ‘ক্ষুদ্র সম্প্রদায়’ শব্দগুলো ব্যবহার করা হয়েছে।দেবাশীষ রায় বলেন, ১৫ কোটি মানুষের একটি দেশে ১ দশমিক ২ শতাংশ মানুষকে একটি বিশেষ পরিচয়ে উল্লেখ করে ৯৮ দশমিক ৮ শতাংশ মানুষের পরিচয়কে ভুলভাবে উপস্থাপন করা হলে জাতীয় স্বার্থ রক্ষা হয় না। সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ স্বীকৃতি দিলে মূল ধারা থেকে বিচ্ছিন্ন, প্রান্তিক ও অনগ্রসর এই ১ দশমিক ২ শতাংশ মানুষ তাদের প্রান্তিক অবস্থান জানানোর একটি আইনি ভিত্তি পাবে। এই মর্যাদা তাদের কোনো বিশেষ সুবিধা দেবে না।”