পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনের ছাদে দুর্বৃত্তদের ছুড়ে মারা ককটেল বিস্ফোরিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের আগে গতকাল মঙ্গলবার রাজধানীতে র্যাবের একটি গাড়িসহ তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ইস্কাটন গার্ডেন রোডের বাসভবনে ভোরে তিনটি ককটেল ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ভোর পাঁচটা ২০ মিনিটে ককটেলগুলো বাসার ছাদে গিয়ে পড়ে। এ সময় মন্ত্রী লন্ডনের হিথ্রো বিমান-বন্দরে ছিলেন। তাঁর বেলজিয়ামের ব্রাসেলসে যাওয়ার কথা। তবে বাসায় তাঁর স্বামী ও দুই সন্তান ছিলেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বাসার ছাদে ককটেলগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পরে রমনা বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতালের সমর্থনে বের করা ছাত্রদলের মিছিল থেকে সাতটি ককটেল বিস্ফোরিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একুশে হল এবং বাংলা একাডেমীর সামনে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আশিকুর রহমান নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে।তিনটি গাড়িতে আগুন: ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেন কয়েকজন যুবক। এরপর মতিঝিলের আরামবাগে আইএফআইসি ব্যাংকের একটি পাজেরো জিপে আগুন দেওয়া হয়।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নীলক্ষেত এলাকায় বেলা আড়াইটার দিকে র্যাবের একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান বলেন, র্যাবের প্রশাসনিক কাজে ব্যবহূত একটি সাদা রঙের মাইক্রোবাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। র্যাবের সাদা পোশাকের দুজন সদস্য কিছু প্রাতিষ্ঠানিক কেনাকাটার জন্য ওই এলাকায় যান। তাঁরা গাড়ি রেখে একটি দোকানে গেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।বোমা হামলার নিন্দা: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসভবনে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা চাঁদপুরের হাইমচরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগও ছাত্রলীগ এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। পরে হাসপাতাল মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বোমা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চাঁদপুর শহরেও জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ ছাড়া চাঁদপুর এবং হাইমচরের বিভিন্ন ইউনিয়নে খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।