পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রেম ছিল ব্রুনির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় সুযোগ বুঝে থলের বিড়াল যে টুপ করে বেরিয়ে পড়ে, তা আরেকবার প্রমাণিত হলো। এবারের এই বিড়ালটি হচ্ছে কার্লা ব্রুনির ছোটখাটো এক প্রেমের অধ্যায়। ফ্রান্সের এই সাবেক ফার্স্টলেডির সঙ্গে নতুন পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াসের নাকি একসময় খুব ঘনিষ্ঠতা ছিল। যদিও তা ছিল অল্প সময়ের, তবে আবেগে কমতি ছিল না।রাজনৈতিক জীবনী লিখে নাম কেনা ভ্যালেরি বেনাইম ‘কার্লা অ্যান্ড নিকোলাস: দ্য রিয়াল স্টোরি’ শীর্ষক বইয়ে এই তথ্য তুলে ধরা হয়েছে। ডেইলি মেইলের বরাত দিয়ে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। বইটির তথ্যে উল্লেখ করা হয়, সাবেক মডেল কার্লা ব্রুনি ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে বিয়ে করার আগে লরা ফেবিয়াসের (৬৫) নিবিড় সম্পর্কে জড়িয়েছেন। অল্প দিনের সম্পর্ক হলেও তা ছিল খুব আবেগঘন। বইয়ে গোপন প্রেমের বিষয়ে ব্রুনির স্মৃতি তুলে ধরা হয়েছে। সেখানেই উঠে এসেছে ব্রুনি-ফেবিয়াসের প্রেমের গল্প। এ ছাড়া ব্রিটিশ রক তারকা মিক জ্যাগার ও এরিক ক্ল্যাপটনের সঙ্গে ব্রুনির সম্পর্কের কথাও বইটিতে স্থান পেয়েছে। তবে ফেবিয়াসের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ব্রুনি। বইয়ের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ২০০৮ সালে দেশটির তত্কালীন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে বিয়ের আগে সাবেক সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী লরা ফেবিয়াসের সঙ্গে ব্রুনির সম্পর্ক ছিল। ব্রুনি ও ফেবিয়াসের প্রেমের বিষয়ে বইটির লেখক বেনাইম বলেছেন, ফ্রান্সের গণমাধ্যম অবশ্য তাঁদের সম্পর্কের বিষয়টি জানত, কিন্তু কেউই তা প্রকাশ করেনি।’