পরলোকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা আজ শনিবার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ২০০৬ সালে মাওবাদীদের সঙ্গে শান্তিচুক্তির মাধ্যমে নেপালে শান্তি প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছিলেন। সেই শান্তিচুক্তির মধ্য দিয়ে অবসান ঘটে নেপালে এক দশক স্থায়ী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের। গত বেশ কয়েক দিন ধরেই তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন। তবে গত বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি তাঁর মেয়ের বাড়িতে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৪০ বছরের রাজতন্ত্র থেকে নেপালকে গণপ্রজাতন্ত্রে পরিণত করার ব্যাপারে গিরিজা প্রসাদ কৈরালার রয়েছে অন্যতম প্রধান ভূমিকা। নেপালের শীর্ষ রাজনৈতিক দল নেপাল ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে তিনি বেশ কয়েকবার নেপালের প্রধানমন্ত্রিত্বের পদ অলংকৃত করেন।