পরশুরামে ইজারাদারকে হটিয়ে বালুমহাল দখলের অভিযোগ
ফেনীর পরশুরাম উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইজারাদারকে হটিয়ে মুহুরী নদীর বাউরখুমা বালুমহাল দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৯ জানুয়ারি সকালে বালুমহাল দখল হলেও চার দিন পর ১৩ জানুয়ারি বুধবার স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নয়জন নেতা-কর্মীর নামসহ আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে উল্লেখ করে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বালুমহালের ইজারাদার ফজলুল হকের পক্ষে তাঁর ভাগিনা সাইদুর রহমান চৌধুরী এ অভিযোগ করেন। এতে তিনি ক্যাশ বাক্সে থাকা ৬৯ হাজার টাকা, কর্মচারীদের মোবাইল ফোনসেট, ড্রেজার মেশিনের যন্ত্রাংশ ও এক লাখ ২৫ হাজার টাকার বালু লুটের কথা উল্লেখ করেছেন।অভিযোগে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মজুমদার, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন শরীফ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও ফুলগাজী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সংগঠনের সদস্য আবদুর রৌপ, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন ও টিপু। এ ছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।লিখিত অভিযোগে বলা হয়, ফজলুল হকের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নবারুন বিল্ডার্সে’র নামে পরশুরামের মুহুরী নদীর বাউরখুমা ওই বালুমহাল খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মাস দুয়েক আগে ইজারা নেওয়া হয়। ইজারা নেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা বালু বিক্রির টাকার লভ্যাংশের অর্ধেক দাবি করেন ও দাবি করা টাকা দিতে বাধ্য করেন। তাঁরা প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের নামে আরও বেশি টাকা দাবি করতেন। ৯ জানুয়ারি ভোরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বালু ঘাটে যান। সেখানে তাঁরা ইজারাদারের কর্মচারী ইমতিয়াজ (২৭) ও জাফর আহম্মদকে (৩২) মারধর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৬৯ হাজার টাকা লুট করেন ও বালুমহালের হিসাবের খাতা কেড়ে নেন। এ সময় ঘাটের বালুশ্রমিক ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের ধাওয়া করে নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, টিপু ও আবদুর রৌপকে একটি মোটরসাইকেলসহ আটক করে। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ বালু ঘাট এলাকায় গিয়ে ওই চারজনকে থানায় নিয়ে যায়। এই ঘটনার জের ধরে ওই দিন সকাল ১০টার দিকে আবারও সংগঠনের নেতা-কর্মীরা বালু ঘাটে গিয়ে ইজারাদারের লোকজনকে হটিয়ে বালু ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যেহেতু ছাত্রলীগ করি তাই স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশ অনুযায়ী বালু ঘাটে অবস্থান নিয়েছি।’পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরীফ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বালু ঘাটে যাননি বলে দাবি করেন।পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হিসেবে একটু-আধটু প্রভাব তো খাটাবই।’ এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে বাউরখুমা বালু ঘাট থেকে এলাকাবাসীর আটক করা চারজনকে থানায় নিয়ে আসা হয়। তখন তাঁদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ না করায় ছেড়ে দেওয়া হয়েছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান থানায় লিখিত অভিযোগ করার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।