পরস্পরকে বন্ধুহীন করাই আ.লীগ-বিএনপির লক্ষ্য
জোট সম্প্রসারণের চেয়ে পরস্পরকে বন্ধুহীন করাই এখন আওয়ামী লীগ-বিএনপির প্রধান লক্ষ্য। এ জন্য ছোট দলগুলোকে কাছে টানার চেষ্টা করলেও তাদের পরিষ্কার কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।গত দুই মাসে বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় বিএনপির মূল বক্তব্য ছিল, তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবিতে আন্দোলনে সবাইকে যুক্ত করা। বর্তমান সরকার যে অসৎ উদ্দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে, সেটি তুলে ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাজনীতিতে একা করতে চাইছে তারা। এ ব্যাপারে রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও কথা বলবে বিএনপি। বিএনপির নেতারা জানান, রমজান মাসে আন্দোলন সম্ভব নয় বিবেচনায় ইফতার পার্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির পরিকল্পনা করা হচ্ছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ গণবিরোধী বিভিন্ন কাজের জন্য ক্রমশই একা হয়ে পড়ছে। আর বিএনপি তার রাজনৈতিক কৌশলগত কারণেই চাইবে সরকারকে একা করে দিতে। এ সুযোগে মানুষের আস্থার জায়গাটা বাড়াতে চায় বিএনপি। আর সে জন্যই বিএনপি ছোট-বড় সব রাজনৈতিক দল ও বিভিন্ন মত-পথের মানুষের সঙ্গে এসব নিয়ে কথা বলছে।ক্ষমতাসীন আওয়ামী লীগও ছোট দলগুলোর সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বিএনপির রাজনীতির দুর্বল দিকগুলো তুলে ধরছে। সরকারের আন্তরিকতা সত্ত্বেও বিএনপি যে সংবিধান সংশোধন নিয়ে কোনো আলোচনায় যায়নি, সেটি তুলে ধরার চেষ্টা করছে। তাদের বক্তব্য অনুসারে, ওই সময় বিএনপি বিশেষ কমিটি বা সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো প্রস্তাব দিলে সরকার তা হয়তো বিবেচনায় নিত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো চাইলে বর্তমান সরকারের আমলেই আবার সংবিধান সংশোধন হবে। নতুন নামে ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা’ আবার আনা সম্ভব বলেও তারা বলছে।এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আদালত বাতিল করেছে। এরপর আদালত দ্বিতীয় দফায় বলেছে, সংসদ চাইলে এটি আরও দুই মেয়াদ রাখতে পারে। এখন সংসদে কেউ আদালতের দ্বিতীয় নির্দেশনার কথা বিবেচনার প্রস্তাব আনেনি। আনলে হয়তো সবাই মিলে আলোচনা করে এটা করা সম্ভব হতো।ওবায়দুল কাদের বলেন, শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিশিষ্টজনদের সঙ্গেও আওয়ামী লীগের পক্ষ থেকে এসব নিয়ে আলোচনা করা হবে। বিএনপি তাদের চটকদারি রাজনীতি দিয়ে মানুষকে যাতে বিভ্রান্ত করতে না পারে, সেটা তাদের বোঝানোর চেষ্টা করা হবে।