জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সাংসদেরা এবার পরস্পরের বিরুদ্ধে দুর্নীতি, খুন ও গুমের অভিযোগ এনেছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশন ছিল বেশ সরগরম।বাজেটের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী একাধিকবার সাংসদদের প্রতি অনুরোধ করেন। কিন্তু কেউ তাতে কর্ণপাত করেননি।বিএনপির সাংসদ জয়নুল আবদিন বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটকে ‘বোগাস’ ও ‘রাবিশ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে দুর্নীতি আর লুটপাট চলছে। রেলওয়ের কালো বিড়াল এখনো আছে। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার প্রকল্পে আর্থিক অনিয়ম হচ্ছে। পদ্মা সেতু ও হল-মার্ক দুর্নীতি, শেয়ারবাজার ও ডেসটিনি কেলেঙ্কারির বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেয়নি; বরং বাজেটে পদ্মা সেতু প্রকল্পে টাকা বরাদ্দ রাখায় এটাই প্রমাণিত হয়েছে, এই সরকারের প্রধান কাজ দুর্নীতি আর লুটতরাজ।বাজেটের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখার জন্য স্পিকারের অনুরোধ সত্ত্বেও জয়নুল আবদিন সরকারের সমালোচনা অব্যাহত রাখেন। তিনি বলেন, ছাত্রলীগের টেন্ডারবাজি, অন্তঃকলহ ও চাঁদাবাজির জন্য দেশের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। সারা দেশে খুন, গুম চলছে। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের মাধ্যমে খুনখারাবি তারা শুরু করেছিল। তিনি মন্তব্য করেন, ‘এই সরকারের বড় গুণ, মানুষ খুন আর মানুষ গুম।’বিএনপির এই সাংসদ নিউজপ্রিন্টের ওপর শুল্ককরের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান আলোচনায় অংশ নিয়ে বলেন, বিএনপি বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কলুষিত করেছে। তারা তত্ত্বাবধায়কের পক্ষে কথা বললে জনগণ তা গ্রহণ করবে না। তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। বিরোধী দল মাঠ গরম করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। বিএনপির সাংসদ আমজাদ হোসেন বলেন, এই সরকারের আমলে শেয়ারবাজার, হল-মার্ক, ডেসটিনি, পদ্মা সেতুর মতো দুর্নীতির ব্যাখ্যা অর্থমন্ত্রী বাজেটে দেননি। বিদেশি বিনিয়োগ ৭০ শতাংশ ও দেশি বিনিয়োগ ৫০ শতাংশ কমে গেছে। দেশে ব্যবসা-বাণিজ্য আর কিছু নেই। কেবল লাগামহীন দুর্নীতি। উন্নয়নের সব সূচক এখন নিম্নমুখী। কল্পনা ছাড়া কিছু নেই। নির্বাচনের বছরে এসে এত বড় অঙ্কের বাজেট সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতির সুযোগ করার জন্য করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।খুন-গুমের অভিযোগ সম্পর্কে বিরোধী দলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের ইস্রাফিল আলম বলেন, ‘আয়নায় নিজেদের চেহারা দেখুন।’ তিনি গত বিএনপি সরকারের সময়ে তাঁর নির্বাচনী এলাকায় নিহত দলীয় নেতা-কর্মীদের নাম উল্লেখ করে বলেন, ‘আমি তাদের ফেরত চাই।’ এই আমলে সাংবাদিক নির্যাতন সম্পর্কে বিরোধী দলের অভিযোগ খণ্ডন করে ইস্রাফিল আলম বলেন, ‘আজ মিডিয়ার জন্য তাদের বড় মায়া। অথচ নিজামী বলেছিলেন, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। বিএনপির আমলে সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালুসহ অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে।’ বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকার গ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি বলেন, সরকার বাকশালী কার্যক্রম চালাচ্ছে। আমার দেশ পত্রিকা, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়াটা বাকশালী আলামত। সরকারি দলের আবদুল্লাহ আল ইসলাম বলেন, খালেদা জিয়ার ছেলের দুর্নীতির সম্পর্কে যুক্তরাষ্ট্র থেকে এফবিআইয়ের কর্মকর্তা এসে সাক্ষী দিয়ে গেছেন। সিঙ্গাপুরে তাঁর আর এক ছেলের দুর্নীতি প্রমাণিত হয়েছে।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বলেন, সাংসদেরা অধিবেশনে না এলে প্রতিদিন ৩৭৫ টাকা পান। আর এসে কেবল সই করলেই পান প্রতিদিন এক হাজার টাকা। কিন্তু সরকারঘোষিত দুস্থ ভাতা মাসে মাত্রা ৩০০ টাকা। তিনি এই বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। বাজেট আলোচনায় আরও অংশ নেন ভূমিমন্ত্রী রেজাউল করিম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, হাফিজউদ্দিন আহমেদ, সুবিদ আলী ভূঁইয়া, সৈয়দ মহসিন আলী, দবিরুল ইসলাম, জাকির হোসেন, মনিরুল ইসলাম, মারুফ সাকলান, আমেনা আহমেদ, পিনু খান।মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আবার বাজেট আলোচনা শুরু হয়। এরপর আওয়ামী লীগের সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর বক্তব্যে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় অধিবেশন কক্ষে। তাঁর বক্তব্যের জবাব দেওয়ার জন্য বিএনপির কয়েকজন সাংসদ ফ্লোর চান এবং হইচই করেন। একপর্যায়ে ডেপুটি স্পিকার বিএনপির মওদুদ আহমদকে ফ্লোর দেন। মওদুদ আহমদ বলেন, মঞ্জুর কাদের কোরাইশী অসত্য বক্তব্য দিয়েছেন। সংসদ এতক্ষণ ভালোই চলছিল। অনর্থক উত্তেজনা সৃষ্টি করা হলো। তিনি মঞ্জুর কাদের কোরাইশীর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। ডেপুটি স্পিকার এক্সপাঞ্জ করার আশ্বাস দিলে বিরোধীদলীয় সদস্যরা শান্ত হন। এর আগে মঞ্জুর কাদের কোরাইশী বাজেট বক্তৃতায় বলেন, মওদুদ আহমদকে বগুড়া থেকে বেগম জিয়া সংসদ সদস্য করে না আনলে তিনি হয়তো বিএনপিতে থাকতেন না। মঞ্জুর কাদের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দুই ছেলেকে ফেরারি বলে মন্তব্য করেন এবং তাঁদের আইনি সহায়তা দেওয়ায় মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন খোকনের সমালোচনা করেন। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না। তারা আবার ধর্মের কথা বলে।’পরে অধিবেশন আজ বুধবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।