পরাগ অপহরণ বিচ্ছিন্ন ঘটনা
ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডলের অপহরণের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, বিএনপির এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার বুকে একটি শিশুকে গুলি করে মারার পরে বলেছিলেন, ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা সে কথা বলছি না। আমরা বলছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড হেডকোয়ার্টার্স পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে শিশু অপহরণের ঘটনায় যারা জড়িত, তাদের সরকার ধরবে। আইনের আওতায় এনে পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে তাদের বিচার করা হবে বলেও জানান তিনি।গতকাল সোমবার জয়পুরহাটে পুলিশের ওপর শিবিরের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ কাজ করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেব না। দেশের প্রচলিত আইনে বিচার করে সর্বাত্মক শাস্তির নিশ্চয়তা প্রদান করব।’