পরাগ অপহরণ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজধানী ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছর বয়সী শিশু পরাগ মণ্ডল অপহরণের মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম মুখ্য বিচারিক হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র দাখিল করেন। কাল রোববার বিচারিক হাকিম আদালতে মামলার নথি উপস্থাপন করা হতে পারে।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: মোক্তার হোসেন আমির ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, ভাতিজা আকাশ, ভগ্নিপতি আবুল কাশেম, জাহিদুল ইসলাম, কালা চান, আল-আমিন, মোহাম্মদ আলী রিফাত, মামুন মিয়া, শাকিল, সুলতান ও ওয়াসিম। এঁদের মধ্যে আকাশ, সুলতান ও ওয়াসিম পলাতক। আসামি বিউটি ছাড়া বাকি আটজন কারাগারে আটক আছেন।স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, রিজভি আহম্মেদ অনিক ও আলফাজ হোসেনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, আমির হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কাল রোববার বিচারিক হাকিম আদালতে মামলার নথিসহ অভিযোগপত্র উপস্থাপন করা হবে। এ ছাড়া তিনজনকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। ৪৮ জনকে সাক্ষী করা হয়েছে।চলতি বছরের ১৫ জানুয়ারি আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, ২৩ জানুয়ারি আলফাজ হোসেন, ২৮ জানুয়ারি রিজভী আহমেদ অনিকসহ পাঁচজনকে বিভিন্ন তারিখে জামিন দেন জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ। চাঞ্চল্যকর এ মামলার পাঁচ আসামিকে জামিন দেওয়ার খবর ১২ ফেব্রুয়ারি ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত হয়। পরদিন হাইকোর্ট ঢাকা জেলা ও দায়রা জজ এবং জেলা পিপি খন্দকার আবদুল মান্নানকে আদালতে তলব করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালতে পিপি আসামিদের জামিন বাতিল চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি আবেদন করেন। আদালত আসামিদের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে আমির হোসেনসহ চার আসামি ১৯ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১২ সালের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় দক্ষিণ কেরানীগঞ্জে বাসার কাছ থেকে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে শিশু পরাগকে অপহরণ করা হয়।ঘটনার তিন দিন পর ১৩ নভেম্বর কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় মোটরসাইকেলে করে এনে প্রায় অচেতন অবস্থায় পরাগকে রেখে যায় অপহরণকারীরা। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ১০ দিন চিকিত্সাধীন থাকার পর ২২ নভেম্বর বিকেলে পরাগ সুস্থ হয়ে বাসায় ফেরে। ২৩ নভেম্বর রাজধানীর অদূরে টঙ্গীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন পরাগ অপহরণের মূল পরিকল্পনাকারী আমির হোসেন ওরফে ল্যাংড়া আমির। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ল্যাংড়া আমির, জাহিদুল ইসলাম, কালা চান, আল-আমিন ও মোহাম্মদ আলী রিফাত পরাগকে অপহরণের ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।