পরাগ অপহরণ মামলার পাঁচ আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার পাঁচ আসামির জামিন বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ আজ রোববার এ আদেশ দেন।সব আসামিকে ১৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে পাঁচ আসামি হাজির না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদেশে বলেছেন আদালত।সরকারি কৌঁসুলি (পিপি) খোন্দকার আবদুল মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, ওই পাঁচ আসামি জামিনে গিয়ে মামলার বাদীকে হুমকি দেওয়ায় এবং তদন্তকাজে ব্যাঘাত ঘটানোয় তাদের প্রত্যেকের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। শুনানি শেষে প্রত্যেকের জামিন বাতিল করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালত থেকেই বিভিন্ন সময়ে পাঁচজন জামিন নিয়েছেন। মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, এই মামলায় প্রথমে জামিন পান আবুল কাশেম। তিনি গত ২ জানুয়ারি জামিন পান। এরপর পরাগ মণ্ডল অপহরণের অন্যতম পরিকল্পনাকারী যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা ১৫ জানুয়ারি, আলফাজ হোসেন ২৩ জানুয়ারি, রিজভী আহম্মেদ ২৮ জানুয়ারি এবং মামুন মিয়া ৭ ফেব্রুয়ারি জামিন পান। গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া সাতটার দিকে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাড়ির অদূরে গাড়িতে ওঠার সময় ছয় বছরের পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তার মা, বোন ও গাড়িচালককে গুলি করে দুর্বৃত্তরা। অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।এই মামলায় পুলিশ ও র‌্যাব ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে গত ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়।