পরাগ অপহরণ: জামিন বাতিল হওয়া চার আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পরাগ মণ্ডল অপহরণের মামলায় জামিন বাতিল হওয়া পাঁচ আসামির মধ্যে আত্মসমর্পণ করা চারজনকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলামের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এই চার আসামি হলেন: যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, মামুন মিয়া ও আবুল কাশেম। অপর আসামি রিজভী আহমেদ অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন এবং তাঁর বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারির আদেশ দেন। গত জানুয়ারি ও চলতি মাসের বিভিন্ন সময়ে তাঁরা এ মামলায় ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন। গতকাল এই পাঁচ আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন হাইকোর্ট।এই মামলায় পুলিশ ও র্যাব ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে গত ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়।