পরাগ অপহরণ: জামিন বাতিল হওয়া পাঁচ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় জামিন বাতিল হওয়া পাঁচ আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিদের জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট বিচারক আবদুল মজিদকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।এই পাঁচ আসামি হলেন: যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, মামুন মিয়া, রিজভী আহমেদ ও আবুল কাশেম। গত জানুয়ারি ও চলতি মাসের বিভিন্ন সময়ে তাঁরা ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন। এই পাঁচ আসামির জামিন পাওয়ার পর বিষয়টি নিয়ে চলতি মাসের ১২ ও ১৩ তারিখ ‘প্রথম আলো’ পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের জামিন বাতিল চেয়ে জনৈক নাজিম আহমেদ হাইকোর্টে একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিচারক আবদুল মজিদকে ২০ ফেব্রুয়ারি আদালতে তলব করেন। একই সঙ্গে ওই দিন এ বিষয়ে ভূমিকা জানাতে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জেলা পিপি) আবদুল মান্নানকে হাজির হতে বলা হয়। পরে গতকাল রোববার বিচারক আবদুল মজিদ এই পাঁচ আসামির জামিন বাতিল করে তাঁদের ১৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিচারিক হাকিম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। হাজির না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও আদেশে বলা হয়।আজ রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আসামিদের জামিন বাতিলের বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন। পরে আদালত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, পিপি খন্দকার আবদুল মান্নানের বিষয়ে আদেশ হয়নি। তাই তাঁকে আদালতে হাজির হতে হবে। মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, পরাগ অপহরণ মামলায় গত ২ জানুয়ারি জামিন পান আবুল কাশেম। এরপর এই অপহরণের অন্যতম পরিকল্পনাকারী জুয়েল মোল্লা ১৫ জানুয়ারি, আলফাজ ২৩ জানুয়ারি, রিজভী ২৮ জানুয়ারি ও মামুন মিয়া ৭ ফেব্রুয়ারি জামিন পান।গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া সাতটার দিকে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাড়ির অদূরে গাড়িতে ওঠার সময় পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তার মা, বোন ও গাড়িচালককে গুলি করা হয়। অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজারে অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।এই মামলায় পুলিশ ও র্যাব ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে গত ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য চারজনের মধ্যে রয়েছেন কালা চান, মোহাম্মদ আলী রিফাত ও আল আমিন।