পরাগ অপহরণের অভিযোগে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণের অভিযোগে মামুন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে মামুনকে মুন্সিগঞ্জের মাওয়া এলাকা থেকে আটক করা হয়। কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমের কাছে এ খবর নিশ্চিত করেছেন। পরাগ অপহরণের ঘটনায় এখন পর্যন্ত মামুনকেই প্রথম আটক করা হলো। গত রোববার শুভাঢ্যা এলাকার বিমল মণ্ডলের স্ত্রী, মেয়ে ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে পরাগকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছেলেকে ফিরে পেয়ে পরাগের বাবা বিমল মণ্ডল আজ সাংবাদিকদের জানান, ‘আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। এ জন্য আমি প্রশাসন ও মিডিয়ার কাছে কৃতজ্ঞ।’পরাগের মা গুলিবিদ্ধ লিপি মণ্ডল রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ গাড়িচালক নজরুল ইসলাম চিকিৎসাধীন মিটফোর্ড হাসপাতালে।এদিকে পরাগ মণ্ডলকে ৫০ লাখ টাকা মুক্তিপণে ছাড়িয়ে আনা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।