পরাগদের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে অপহরণের পর উদ্ধার হওয়া শিশু পরাগ মণ্ডল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে পরাগ মণ্ডল ও তার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রুল বিচারাধীন থাকা অবস্থায় পরাগ ও তার পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), পুলিশের ডেপুটি কমিশনারসহ (ঢাকা) নয়জন বিবাদীকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করার নির্দেশনা চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে আবেদন করা হয়েছিল। সাপ্তাহিক ‘সপ্তবর্ণ’ পত্রিকার সম্পাদক নাজিম আহমেদ আবেদনটি করেন। ওই দিনই দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার মিল এলাকায় পরাগকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর বাবা বিমল মণ্ডল তাকে উদ্ধার করে রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান।এই প্রেক্ষাপটে পরাগ ও তার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে আজ বৃহস্পতিবার একটি আবেদন দাখিল করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে ইউনূস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে জানান, আদালত তাঁর আদেশে ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিবাদীদের পরাগ মণ্ডলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার প্রায় ৫০ গজ দূরে গলির মুখে বোন পিনাকি মণ্ডলের পায়ে ও মা লিপি মণ্ডলের বুকে গুলি করে ছোট্ট পরাগকে ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্তরা। পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র।