পরাগের অপহরণ ও ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতোই বোন পিনাকি মণ্ডল (১১) আর পিয়ালী মণ্ডলের (৮) সঙ্গে স্কুলে যাচ্ছিল ছয় বছরের পরাগ মণ্ডল। তাদের গাড়িতে উঠিয়ে দিতে মা এসেছিলেন গলির মুখ পর্যন্ত। থেমে থাকা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন গাড়িচালক নজরুল ইসলাম।হঠাৎ করেই দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি এসে প্রথমে গাড়িচালকের কাছে চাবি চায়। গাড়িচালক চাবি দিতে না চাইলে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর তারা পরাগকে মোটরসাইকেলে উঠিয়ে নিতে চাইলে পরাগের মা লিপি মণ্ডল (৩৫) বাধা দেন। সন্ত্রাসীরা মায়ের বুকে গুলি করে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যায় পরাগ মণ্ডলকে। পায়ে গুলিবিদ্ধ হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী পিনাকি মণ্ডলও।পরাগের বাবা বিমল মণ্ডলের সাজানো-গোছানো পৃথিবী এক মিনিটেই উল্টেপাল্টে যায়। একদিকে ছেলের অপহরণ, অন্যদিকে গুলিবিদ্ধ স্ত্রী ও এক মেয়ে। পাগলের মতো পুলিশ, র‌্যাব, হাসপাতাল আর গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে থাকেন বিমল। তাঁদের কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ার বাড়িটিতে নামে এলাকার মানুষের ঢল। প্রাথমিক চিকিৎসা নিয়ে পিনাকি বাসায় ফেরে। আর মা লিপি মণ্ডলকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। গণমাধ্যমে এই অপহরণের ঘটনা ব্যাপক আলোচিত হয়। অপহরণের দুই দিন পর ১৩ নভেম্বর রাতে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় পরাগকে রাস্তায় ফেলে যায় অপহরণ-কারীরা। এরপর অসুস্থ পরাগকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। প্রায় এক সপ্তাহ পরে বাসায় ফেরে পরাগ। একই সময়ে তার মা লিপি রানীও কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন।নিরাপত্তাহীনতায়, পুলিশের পাহারায় আর এলাকাবাসীর সান্ত্বনায় দিন কাটতে থাকে পরিবারটির। অবশেষে ২৫ নভেম্বর ভোরে টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনার মূল হোতা আমিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এ ঘটনায় পরাগকে ছাড়াতে বিমল মণ্ডল ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়েছেন বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ডিবির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে এখনো বিতর্ক রয়েই গেছে।এদিকে সব আসামি গ্রেপ্তার হয়ে গেছে বলে পুলিশ দাবি করলেও পরিবারের শঙ্কা কাটেনি। তারা এখনো ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। গতকাল বুধবারও পরাগদের বাড়িতে গিয়ে পুলিশের প্রহরা দেখা গেছে। পরিবারের সদস্যরা বলছেন, অপরাধীদের শাস্তি না হলে তারা আবারও পরিবারটির ক্ষতি করতে পারে। গোলাম মর্তুজা ও ইকবাল হোসেন