সন্ত্রাসী আমির আলীই শিশু পরাগ অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’। এই অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয় যুবকের তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন।গতকাল শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলামের আদালতে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। তাঁরা হলেন মোহাম্মদ আলী রিফাত, জাহিদুল ইসলাম ও কালাচান।জবানবন্দি নেওয়ার পর তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলার অপর তিন আসামি রিজভি আহমেদ (অনিক), আলফাজ ও আবুল কাশেমকে ১০ দিন করে রিমান্ডে (হেফাজতে) নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।এদিকে স্কয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশু পরাগের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। এখন সে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছে।১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় মা, বোন ও গাড়িচালককে গুলি করে পরাগকে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী।গতকাল বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ছয় আসামিকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামি রিফাত, জাহিদুল ও কালাচান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। তদন্ত কর্মকর্তা তিনজনের জবানবন্দি লিপিবদ্ধ করার এবং বাকি তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার মামুন নামের এক ব্যক্তির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।আদালত সূত্র জানায়, জবানবন্দিতে তিনজনই আসামি কাশেমের শ্যালক আমিরকে শিশু পরাগ অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন। তবে পরাগকে অপহরণ করে কোথায় রাখা হয়, তা তাঁরা জানেন না বলে জবানবন্দিতে বলেন।জবানবন্দিতে জাহিদুল হাসান নিজেকে পরিস্থিতির শিকার দাবি করে বলেন, ‘আমি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আমার বাবা ঢাকা কালেক্টরি অফিসে চাকরি করেন। আমি জানতাম না যে পরাগকে অপহরণ করা হবে। জমির ব্যাপারে কথা বলে আমির আমাকে নিয়ে যায়। কিন্তু সেখানে আমির পরাগকে অপহরণ করে। পরাগকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি।’ জাহিদুল আরও বলেন, ‘পরাগকে অপহরণের সময় আমিরই গুলি করে। মুক্তিপণের ৫০ লাখ টাকার ব্যাপারে আমি কিছু জানি না। তবে এটা আমি শুনেছি। অপহরণের এক দিন পর আমি আমিরের বোনের বাসায় যাই। অপহরণের পর বছিলা ব্রিজ পর্যন্ত একসঙ্গে যাই।’সংশ্লিষ্ট সূত্রমতে, আদালতে রিফাত বলেন, ‘আমাকে জানানো হয়নি পরাগ বা কাউকে অপহরণ করা হবে। আমি অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশে পড়াশোনা করি। পরাগকে অপহরণের পর আমার মোবাইল সেট রেখে অন্য সেট দেয় আমির। অপহরণের এক দিন পর কাশেমের বাসায় আশ্রয় নিই আমি। এরপর আমির জানায়, পরাগকে ছাড়বে সে। ৫০ লাখ টাকা মুক্তিপণের কথা জানায়। আমার পড়ার পেছনে মাসে ১০ হাজার আর হোস্টেল খরচ আট হাজার টাকা দরকার হয়। এ জন্য আমিরের সঙ্গে আমি থাকতাম। আমির আর আলামিন বাচ্চাটিকে নিয়ে যায়। আমি এক রাত আমিরের বোনের বাসায় থেকেছি।’তৃতীয় আসামি কালাচান স্বীকারোক্তিতে বলেন, ‘আমি অটোরিকশা চালাই। ওই এলাকায় ভাড়া থাকতাম। সেই সুবাদে আমিরের সঙ্গে আমার পরিচয় হয়। অপহরণের সময় আমিরের সঙ্গে ছিলাম না। তবে পরাগ ও তাদের পরিবারের গতিবিধির সব খবর আমিরকে জানাতাম। অপহরণের পর আমিরের সঙ্গে আমার দুবার ফোনে কথা হয়েছে। এ কাজের জন্য সে আমাকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। আমি গরিব মানুষ, তাই রাজি হয়ে যাই।’