পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ডালিম মিয়া (২৭)। তিনি কাউন্সিলর পদে পরাজিত বেলাল হোসেনের সমর্থক। গতকাল শনিবারের এ সংঘর্ষে বেলাল হোসেনসহ ২০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পরাজিত আরেক প্রার্থী সামছুল আলমকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে নগরের ৩১ নম্বর ওয়ার্ডের কিশামত গ্রামে সামছুল আলমের সমর্থকেরা বেলাল হোসেনের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালায়। এরপর উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে উভয় পক্ষের ২১ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর, সাদ্দাম, রাবেয়া, মোখলেছ, সিফাত, ওসমান, ডালিম ও বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে ডালিম মিয়া মারা যান। আরও কয়েকজনের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। বেলাল মারা যাওয়ার খবরে গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে পরাজিত কাউন্সিলর প্রার্থী সামছুল আলমসহ ১১ জনকে আটক করা হয়েছে।