পরাজিত শক্তি দেশের অগ্রযাত্রা রুখতে চায়: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, স্বাধীনতাযুদ্ধে পরাজিত শক্তি দেশের অগ্রযাত্রা রুখে দিতে চায়। নারীর প্রতি অবমাননা বন্ধের দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, ‘হেফাজতে ইসলামের নামে স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্র ১৩ দফার মাধ্যমে নারীর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাধীনতাবিরোধী এই চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে।’ মন্ত্রী বলেন, ‘আমাদের নিজ নিজ অবস্থানে থেকে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র নারীর অগ্রযাত্রা রুখতে পারবে না। যেসব দল নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করবে, দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংসদ নীলুফা বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, নারীনেত্রী শিরিন সুলতানা প্রমুখ। ২৭ এপ্রিল অনুষ্ঠেয় নারী সমাবেশের প্রস্তুতি হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।