পরাজয়, তবু সান্ত্বনা মুশফিকুরের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিমের প্রথম টেস্ট সেঞ্চুরিটাই যা একটু সান্ত্বনা। নইলে ১১৩ রানে হারা চট্টগ্রাম টেস্ট একটা দীর্ঘশ্বাসের নাম। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতকে হাতের মুঠোয় পেয়েও তা ফেলে দেওয়ার ব্যর্থতার গল্প।কুয়াশা ও আলোকস্বল্পতা প্রতিদিনই খেয়ে নিয়েছে কিছু না-কিছু সময়। পঞ্চম দিন চা-বিরতি পর্যন্ত গেলেও এই টেস্টে সাকল্যে বল হয়েছে মাত্র ২৯৮.৩ ওভার, গড়ে প্রতিদিন ৬০ ওভারের কাছাকাছি। এত কম সময় আর কম ওভার খেলা হওয়া টেস্টে সুযোগ পেয়েও ভারতকে ঠেকাতে পারেনি বাংলাদেশ দল। বরং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল শেষ দিনে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা আগে শেষ হয়ে গেছে খেলা, মাঠে বসে গেছে পুরস্কার বিতরণীর মঞ্চ। যেখানে দাঁড়িয়ে ম্যান অব দ্য ম্যাচ শচীন টেন্ডুলকার প্রথম ইনিংসের ব্যাটিং-ব্যর্থতার পরও ভারতের জয়টাকে বলে গেছেন বিশেষ গুরুত্বপূর্ণ। বোলারদের দিয়েছেন ধন্যবাদ।শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩৪৮ রান, ভারতের ৮ উইকেট। সারা দিনে খেলা হতে পারত সর্বোচ্চ ৯৮ ওভার। কুয়াশার কারণে কালও সকালে এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় ৯৮ ওভার পর্যন্ত খেলা হওয়ার সুযোগ বাস্তবে ছিল না। বাংলাদেশ ব্যাটসম্যানদের বাজে শটের প্রদর্শনীতে সেটিরও দরকারও হয়নি। সারা দিনে ৫৭.২ ওভার ব্যাট করেই ৩০১ রানে অলআউট বাংলাদেশ। শেষ উইকেটের ব্যাটিং হচ্ছিল বলে আম্পায়াররা চা-বিরতি পিছিয়ে দিয়েছিলেন। নইলে বাংলাদেশ ব্যাটসম্যানরা অন্তত বলতে পারতেন—‘পঞ্চম দিন চা-বিরতির পরও তো খেললাম!’খেলা যে লাঞ্চ গড়িয়ে দুটো সেশন মোটামুটি পুরো করল সেটার সব কৃতিত্বই বলতে পারেন মুশফিকুরের। দলের ১৩৫ রানে পঞ্চম ব্যাটসম্যান তামিম ইকবাল আউট হওয়ার পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। আউট হয়েছেন দলকে তিন শ রান পার করিয়ে, শেষ ব্যাটসম্যান হিসেবে। মাঝখানে যে কীর্তি গড়ে গেছেন সেটা শুধু মুশফিকুরের নিজের জন্যই নয়, দলের জন্যও বড় প্রয়োজন ছিল। অমিত মিশ্রকে অন ড্রাইভে বাউন্ডারি মেরে ১১২ বল আর ১৪২ মিনিটে সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরিটাই করে ফেলেছেন মুশফিকুর, আউট ওই মিশ্রর করা পরের ওভারেই লং অফে বদলি ফিল্ডার প্রজ্ঞান ওঝার ক্যাচ হয়ে।ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির জন্য মুশফিকুর ধন্যবাদ দিতে পারেন দলের তিন পেসার শাহাদাত হোসেন-শফিউল ইসলাম আর রুবেল হোসেনকে। আগের বলেই গালিতে শেবাগের হাতে প্রাণ ফিরে পাওয়া মাহমুদউল্লাহ জহিরের বলে কট বিহাইন্ড হয়ে সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার সময় বাংলাদেশের রান ১৭০, মুশফিকুরের মাত্র ৭। সেখান থেকে ওই তিন পেসারকে নিয়েই তাঁর সেঞ্চুরির যাত্রা। সপ্তম উইকেটে শাহাদাতের সঙ্গে ৬০, অষ্টম উইকেটে শফিউলের সঙ্গে ২৮ ও শেষ উইকেটে রুবেলের সঙ্গে ৪৩ রানের জুটি। এই তিন জুটিতে মুশফিকুর বেশির ভাগ সময় নিজেকেই রেখেছেন স্ট্রাইকিং এন্ডে, জুটিগুলোতে তাঁর রানটাও তাই বেশি। মুশফিকুরের সঙ্গে জুটিতে রুবেল করেছেন মাত্র ৪ রান, শফিউল ৮, আর শাহাদাত ২৪। ওই সময় অবশ্য তাঁদের রান করার চেয়ে ব্যাটিংয়ে মুশফিকুরের নেতৃত্বটাই জরুরি ছিল বেশি।শেষটা মুশফিকুর শৌর্যে হলেও কাল বাংলাদেশের ব্যাটিংয়ের আরেকটি ব্যর্থতার প্রদর্শনীই হয়েছে চট্টগ্রামে। আগের দিনের ২ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে আশরাফুল দিনের চতুর্থ ওভারেই দ্রাবিড়ের হাতে স্লিপে ক্যাচ দিয়ে আউট। অফ স্টাম্পের অনেক বাইরের বলে শরীর না নিয়ে ব্যাট চালিয়ে তামিমও ক্যাচ দিয়েছেন দ্রাবিড়ের হাতেই। বলতে চাইলে একে একে সবার কথাই বলা যায়। কিন্তু সেসবে নতুন কিছু নেই। শুধু জেনে রাখুন, আশরাফুলের আউট হওয়া থেকে শুরু করে পরবর্তী ৯১ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট ভারতের ৪১৪ রান তাড়া করার চ্যালেঞ্জ থেকে ওই সময়টাতেই ছিটকে গেছে বাংলাদেশ।ম্যাচের বাকি অংশটাকে মুশফিকুরের বীরত্ব যেমন বলতে পারেন, বলতে পারেন বাংলাদেশের সান্ত্বনাও।বিসিবির প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল চট্টগ্রাম টেস্টে ভালো খেলার জন্য মুশফিকুর রহিমকে এক লাখ টাকা এবং শাহাদাত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও তামিম ইকবালকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন।