পরাজয় থেকে রাজনৈতিক সুবিধা নিতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারচুপি ও জোরজবরদস্তির অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে এখন কেন্দ্রীয়ভাবে আন্দোলনের কর্মসূচির কথা ভাবছে বিএনপি। পর্যবেক্ষকদের মতে, ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনের পরাজয় থেকে রাজনৈতিক সুবিধা নিতে চায় দলটি। ভোলার উপনির্বাচনকে ভোট ডাকাতি আখ্যা দিয়ে আগামী বুধবার সব জেলা শহর, পৌরসভা ও সিটি করপোরেশনে একযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল রোববার বিকেলে মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য শপথ নিয়েছিল। কিন্তু ভোলায় কমিশন সেই শপথ ভেঙেছে। তাই আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্য সদস্যদের পদত্যাগ দাবি করছি।’সভাপতির বক্তব্যে ঢাকার মেয়র সাদেক হোসেন বলেন, ‘এই সরকার নিজেদের গণতান্ত্রিক দাবি করে। কিন্তু জনগণের দাবিতে রাজপথে যখন আমরা কর্মসূচি পালন করতে চেয়েছি, তখন আমাদের সমাবেশে হামলা করা হয়েছে।’রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এই প্রহসনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনসহ যারা দায়ী, আমরা তাদের বিচার দাবি করছি। এই কমিশনের অধীনে ঢাকা সিটি করপোরেশনসহ কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’ আবদুল্লাহ্ আল নোমান বলেন, এই নির্বাচনে আসলে বিএনপি জিতেছে। ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামকে পাকাপোক্ত করে দিয়েছে এই নির্বাচন।আমানউল্লাহ আমান বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি আর কোনো নির্বাচন করতে দেবে না।গতকাল ভোলায় পরাজিত প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ নির্বাচনে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে প্রথমে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে তিনিও বলেন, তাঁরা রাজনৈতিকভাবে এ ‘প্রহসনের’ নির্বাচনের প্রতিবাদ করবেন। এটা বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বলেও জানান তিনি।এ উপনির্বাচনে বিএনপির পর্যবেক্ষক দলের প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কারচুপির সব প্রমাণ সংগ্রহ করছি। আজকালের মধ্যে পুরো বিষয়টি দলীয় চেয়ারপারসনকে অবহিত করব। এরপর দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’একটি সূত্র জানায়, দলের চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখাকে এ নির্বাচন-সংক্রান্ত প্রকাশিত সংবাদপত্রের সব প্রতিবেদন ও টেলিভিশনের ভিডিও চিত্র সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে।দলের আরেকজন কেন্দ্রীয় নেতা জানান, এখন পর্যন্ত বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে যে আলোচনা তা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ দাবি। এ কমিশনের অধীনে আর কোনো উপনির্বাচনে অংশ না নেওয়া এবং একই সঙ্গে ভোলা-৩ আসনের নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে দু-একটি কর্মসূচি দেওয়া। তবে এ নিয়ে বিএনপি সরকার পতনের আন্দোলনে নামার কথা ভাবছে না বলে ওই নেতা জানিয়েছেন।দলের স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেছেন, ‘এর আগে যেসব আলোচনা হয়েছে, তাতে আমাদের সামনে তিনটি বিকল্প খোলা আছে। একটা সংসদে আলোচনা, আদালতে যাওয়া এবং একই সঙ্গে রাজপথে নামা।’ তাঁর ব্যক্তিগত মত, এ তিনটি উপায়কেই একসঙ্গে কাজে লাগানো উচিত। তবে কী পন্থা অবলম্বন করা হবে, তা স্থায়ী কমিটিতে নির্ধারিত হবে।