পরাজয়ে প্রাপ্তি ভবিষ্যতের রসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত: ৫০ ওভারে ৩৭০/৪বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৩/৯ফল: ভারত ৮৭ রানে জয়ীরাত-দিন লাইনে দাঁড়িয়ে স্বপ্নের বিশ্বকাপ টিকিট! সেটির পূর্ণ সদ্ব্যবহার কি হলো! ম্যাচের ১৪-১৫ ওভার বাকি থাকতেই জনসমুদ্র হয়ে ওঠা গ্যালারির এখানে-ওখানে উঁকি দিতে শুরু করল শূন্য চেয়ার। ৪০তম ওভারে সাকিবের স্লগ সুইপ খুুঁজে পেল ডিপ মিড উইকেট ফিল্ডারকে। খুব দ্রুতই খালি চেয়ার আর দর্শকের সংখ্যা প্রায় সমান হয়ে গেল।শুধু প্রত্যাশাভঙ্গই কি কারণ? হয়তো। হয়তো না। একটু আগে বেরিয়ে বাড়ি ফেরার ঝক্কি কমানোর চেষ্টাও একটা কারণ। বাংলাদেশ ১০০ রানে হারবে, না ৯০ রানে—এটা দেখার জন্য এত কষ্ট করার কী দরকার! ম্যাচ শুরুর আগের কথা ভাবলে অবশ্যই প্রত্যাশাভঙ্গ। বাংলাদেশের ইনিংস শুরুর সময়কার কথা ভাবলে ‘না’। আঙিনায় বিশ্বকাপকে ঘিরে আকাশছোঁয়া বাংলাদেশের আবেগ এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে গেছে উইকেটে বল পড়ার আগেই। সেই আবেগের বেশির ভাগ জুড়ে ছিল এই ম্যাচ। উদ্বোধনী ম্যাচ, প্রতিপক্ষ ভারত। সাত সমুদ্র তের নদী ওপারের পোর্ট অব স্পেন থেকে দমকা বাতাস উড়ে আসছিল। ম্যাচের আগের দিন যেমন, ম্যাচ শুরুর আগেও মিরপুরে কুইন্স পার্ক ওভালের আবহ। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি যেমন হয়, আবার হয়ও না। মিরপুর যে কুইন্স পার্ক ওভাল হচ্ছে না, সেটি তো ভারতীয় ইনিংস শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেল। এর পরও কি বাংলাদেশের আর কিছু পাওয়ার ছিল?অবশ্যই ছিল। প্রতিপক্ষ ৩৭০ রান করে ফেলার পর আর কী পাওয়ার থাকে? পাওয়ার থাকে শুধু পরের ম্যাচগুলোর জন্য কিছু রসদ। ২৮৩ রান করে বাংলাদেশ তা পেলও। কিন্তু একই সঙ্গে সেটি কি একটু আক্ষেপও বাড়িয়ে দিল না!ইশ্, বাংলাদেশের বোলাররা যদি অমন দিলদরিয়া হয়ে না যেতেন! ইশ্, বীরেন্দর শেবাগ যদি ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ ইনিংসটি খেলার জন্য এই ম্যাচটিকেই বেছে না নিতেন! সবচেয়ে বড় ‘ইশ্’ তো সাকিব যদি টসে জিতে ফিল্ডিং না নিতেন!ক্রিকেটের অনেক স্বাতন্ত্র্যের মধ্যে এটাও একটা যে, কখনো কখনো এখানে পুরো ম্যাচ ছাপিয়ে ওপরে ছুড়ে মারা মুদ্রাটা কোন পিঠে পড়ল, এটাই হয়ে যায় সবচেয়ে বড়। টসে জিতে কোনো অধিনায়ক ফিল্ডিং নেওয়ার পর প্রতিপক্ষ ৩৭০ রান করে ফেলার পর সেটি হবেই। হলোও।সংবাদ সম্মেলনে সাকিব কী ব্যাখ্যা নিয়ে আসবেন, কে জানে! এর আগে ভেবে অন্তত দুটি কারণ খুুঁজে পাওয়া যাচ্ছে। এক. মিরপুরের রেকর্ড। কালকের আগে এখানে দিবারাত্রির ১৬টি ম্যাচের ১৩টিতেই জিতেছে পরে ব্যাটিং করা দল। দুই. শিশির। গত বছর জানুয়ারিতে এই মাঠে ত্রিদেশীয় সিরিজে শিশিরভেজা বল গ্রিপ করতে গলদঘর্ম হতে হয়েছিল বোলারদের। সেই স্মৃতি মনে রেখেই মহেন্দ্র সিং ধোনিও বললেন, টসে জিতলে তিনি পরে বোলিং করার ঝুঁকি নিতেন না। নম্বর দিয়ে না লেখার মতো হলেও তিন নম্বর কারণটাও উঁকিঝুঁকি দিচ্ছে। ভারতের বিপক্ষে এই মিরপুরেই ২৯৬ রান করেও পরাজয়ের স্মৃতিও কি ভূমিকা রেখেছে সাকিবের সিদ্ধান্তে! যুক্তি যা-ই হোক, সেটি অসার বলে প্রমাণিত। সেই প্রমাণের কাজটা করলেন বীরেন্দর শেবাগ। এই ম্যাচের আগে যিনি উঠতে-বসতে ত্রিনিদাদের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শেবাগের মুখ যেমন চলেছে, ব্যাটও তেমনি চলল। বাংলাদেশের বোলাররাও তাঁকে সর্বতো সহযোগিতা করে গেলেন।ভারতের বিপক্ষে খেলা হলে প্রতিপক্ষ কোচের ল্যাপটপের সামনে সবচেয়ে বেশি সময় কাটে শেবাগকে আটকানোর কৌশল ঠিক করতে। একটা কিছু ঠিক করা হয় ঠিকই, কিন্তু বেশির ভাগ সময়ই তাতে কাজ হয় না। তবে মোটামুটি স্বীকৃত একটা উপায় বলে যে বেরিয়েছে, মুক্ত হাতে ব্যাট চালানোর জায়গা না দিয়ে তাঁর গায়ের ওপর বল করা। হয় শফিউল তা জানেন না। অথবা জানলেও এমন মহা-আবহের ম্যাচের চাপ সামলে তা করতে ব্যর্থ। রুবেলের বল পায়ে লাগায় অনেকক্ষণ খোঁড়াতে খোঁড়াতে ব্যাট করতে না হলে ওয়ানডে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি কাল দেখেই ফেলতে পারত। ত্রিনিদাদের সঙ্গে মিল, এখানেও শেবাগ প্লেড অন। পার্থক্য, সেবার করেছিলেন শূন্য, এবার ১৭৫।ও হ্যাঁ, বিরাট কোহলিও সেঞ্চুরি করেছেন। যে সেঞ্চুরির সঙ্গে তুলনা হতে পারে উপমহাদেশে প্রথম বিশ্বকাপে ডেসমন্ড হেইন্সের সেঞ্চুরির। শ্রীলঙ্কার বিপক্ষে হেইন্সের সেঞ্চুরি ঢাকা পড়ে গিয়েছিল ভিভ রিচার্ডসের ১৮১ রানের ইনিংসে। কাল কোহলি হেইন্স। শেবাগ রিচার্ডস।শেবাগের কারণে এই ম্যাচে সাকিবের সিদ্ধান্ত হাস্যকর বলে মনে হতে পারে। তবে এর পরও এই মাঠে টসে জিতে কোনো দলকে প্রথমে ফিল্ডিং করতে দেখলে অবাক হবেন না যেন। কারণ শিশির কালও বেশ জ্বালাল। তবে এতটা অবশ্যই না যে, তাতে ৩৭০ রানও কম বলে মনে হবে! ওয়ানডে ইতিহাসেই ৩৭০ বা এর বেশি রান তাড়া করার ঘটনা আছে মাত্র একবার। সেটি ওয়ান্ডারার্সের ওই ঐতিহাসিক ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে দক্ষিণ আফ্রিকা করে ফেলেছিল ৪৩৮। যে ম্যাচের পুরোটাই যেন হাইলাইটস!রেকর্ড ঘেঁটে এটা একটু বিস্ময়করই মনে হচ্ছে, মিরপুরে কালই প্রথম বাংলাদেশের বিপক্ষে তিন শ হলো। বাংলাদেশও এখানে কখনো তিন শ করেনি। কালকের ২৮৩ সেই আলোকেই দেখুন। এই ২৮৩ বিশ্বকাপে বাংলাদেশের আগের সর্বোচ্চের চেয়ে ৩২ রান বেশি, এটাও মনে রাখলে ভালো হয়। তামিম আর সাকিবের হাফ সেঞ্চুরি, শুরুতে ইমরুলের ‘তামিম’ হয়ে যাওয়া—এমনিতে ৮৭ রানে পরাজয়ের ম্যাচে এসব কোনো প্রাপ্তিই হতে পারে না। তবে বিশ্বকাপের দীর্ঘ যাত্রায় এসবের তাত্পর্য তো আছেই।স্বপ্ন সব সময় পূরণ হয় না। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনাও সব সময় সমান তীব্র হয় না। মিরপুরে পোর্ট অব স্পেন ফিরিয়ে আনতে না পারার দুঃখ অবশ্যই থাকবে। তবে ভবিষ্যতের পাথেয় তো কিছু জোগাড় হলো। যাত্রা তো সবে শুরু!