পরাজয়ের আগে লড়াইয়ের সান্ত্বনা
ইংল্যান্ড: ৫৯৯/৬ ডি. ও ২০৯/৭ ডি.বাংলাদেশ: ২৯৬ ও ৩৩১ফল: ইংল্যান্ড ১৮১ রানে জয়ীইংল্যান্ড ম্যাচ জিতলে এ রকম উদ্যাপন সব সময়ই করে বার্মি আর্মিরা। ম্যাচ শেষে গ্যালারির এক জায়গায় জড়ো হয়ে কোরাসে নিজেদের থিম সং গাওয়া, গান শেষে নিজেরাই নিজেদের হাততালি দেওয়া। বাংলাদেশের বিপক্ষে ১৮১ রানের বিশাল জয়ের পরও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি থেকে ভেসে এল বার্মি আর্মি সং।বাংলাদেশ এমন কোনো শক্ত প্রতিপক্ষ নয় যে তাদের বিপক্ষে টেস্ট জয়ের আনন্দ গান গেয়ে প্রকাশ করতে হবে। কিন্তু আনন্দটাকেই জীবনের উপজীব্য করে তোলা বার্মি আর্মিদের কাছে সবই সমান। অ্যাশেজ দেখতে গিয়ে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে ছবি তোলা আর চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের বাইরের টং দোকানে লুঙ্গি পরে চা খাওয়ার আনন্দ তাদের কাছে একই। কাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্টের পর বার্মি আর্মিদের কাছে হয়তো ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে এই মর্যাদাটা পাবে বাংলাদেশ দলও।শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৫ উইকেট, বাংলাদেশের ৩২২ রান—ম্যাচটা ইংল্যান্ডেরই ছিল। কিন্তু মুশফিকুর রহিম আর টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জুনায়েদ সিদ্দিকের প্রতিরোধের দেয়াল এতটাই মজবুত হয়ে দাঁড়িয়ে গেল যে একটা পর্যায়ে অসম্ভব কল্পনাকেও সম্ভব বলে মনে হতে লাগল। চতুর্থ দিন চা-বিরতির ২০ মিনিট আগে জুটি বাঁধা এই দুই ব্যাটসম্যান কাল লাঞ্চের পরও উইকেটে! এতটা কে ভেবেছিল?কেউ না ভাবলেও বাস্তবতা এই, পুরো দুই সেশনেরও বেশি ব্যাট করা মুশফিকুর-জুনায়েদের ১৬৭ রানের ষষ্ঠ উইকেট জুটি চট্টগ্রাম টেস্টটাকে বাংলাদেশেরও করে রাখল। আগের দিনের ৫ উইকেটে ১৯১ রান নিয়ে খেলতে নেমে কাল তারা লাঞ্চ করতে গেছেন আর ৮৬ রান যোগ করে। জুনায়েদ ততক্ষণে দেখা পেয়ে গেছেন প্রথম টেস্ট সেঞ্চুরির, মুশফিকুর অপরাজিত ৯১ রানে। ছাড়ার বল ছাড়ছেন, মারার বল মারছেন—তাড়াহুড়ো নেই, কাঁপাকাঁপি নেই। টেস্ট ব্যাটিংয়ের আদর্শ প্রতিচ্ছবি। যা দেখে ধন্দও লাগছিল—ওরা বাংলাদেশের ব্যাটসম্যানই তো! বাংলাদেশের টিম ব্রেসনানকে থার্ডম্যান দিয়ে চার মেরে জুনায়েদ জুটিটাকে ১০০ রানে নিয়েছেন ২৭৪তম বলে। আগের দিন যে নতুন বলকে ভয় পাচ্ছিল বাংলাদেশ, সেই অস্ত্র দিয়েও উইকেট সংহারী বল করতে পারেননি ইংলিশ পেসাররা। কে জানে হয়তো করেছেন, জুনায়েদ-মুশফিকুরের ব্যাটে প্রতিহত হয়ে আসায় সেগুলো কেউ টেরই পায়নি!দলের ১০০ রানের মতো আগের দিন ৬৮ রানে অপরাজিত জুনায়েদ নিজের সেঞ্চুরিটাও করেছেন স্টিভেন ফিনকে লং অফ দিয়ে চার মেরে। শটে জোর ছিল, বাউন্ডারিতে ছিল না কোনো ফিল্ডার, ব্যাট উঁচিয়ে ছোট একটা লাফ দিয়ে সেঞ্চুরির আনন্দটা তাই বল সীমানা পার হওয়ার আগেই করে ফেলেন জুনায়েদ। অথচ এই ম্যাচটাই ট্র্যাজেডি হয়ে থাকল সঙ্গী মুশফিকুরের জন্য! সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে গ্রায়েম সোয়ানকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড। জুনায়েদ অবশ্য ফিরে গেছেন তাঁর আগেই। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে ওই সোয়ানের বলেই পল কলিংউডের ক্যাচ স্লিপে। শেষ হয়ে গেল ২৯২ বল আর ৩৮৫ মিনিটের ধৈর্যশীল এক ইনিংস। ইংল্যান্ডের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তোলা জুনায়েদ-মুশফিকুরকে তো ফিরিয়েছেনই, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়ে সোয়ানই ম্যাচের সেরা খেলোয়াড়।জুনায়েদ-মুশফিকুর ফিরে যাওয়ার পর ইংল্যান্ডের জয়টা আনুষ্ঠানিকতাই ছিল কেবল। নাঈমের ওয়ানডে স্টাইলের ব্যাটিং পরের সময়টাতে দর্শক বিনোদনের খোরাক হলেও তা দিয়ে ম্যাচ বেশিদূর এগিয়ে নেওয়া সম্ভব ছিল না। মুশফিকুর আউট হওয়ার ১০ ওভারের মধ্যেই ম্যাচ শেষ। যেটা শেষ নয়, সেটা হলো একটা আশা। চট্টগ্রাম থেকে পাওয়া আত্মবিশ্বাস হয়তো ঢাকা টেস্টকে করে তুলবে আরও উজ্জ্বল।