২০০০ সালের ১০ নভেম্বর আশ্চর্য সুন্দর এক সকালে ঘুম ভেঙেছিল বাংলাদেশের। শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের স্বপ্নের ভুবনে যাত্রা। বাংলাদেশের অভিষেক টেস্টে ফিরে গেছেন জালাল আহমেদ চৌধুরী ৯ উইকেটে পরাজয় কোনো সুখস্মৃতির উপলক্ষ হওয়ার কথা নয়। তার পরও মগজের স্মরণ-প্রকোষ্ঠে এক অনিন্দ্যকান্তি বর্ণিল পাখার প্রজাপতি নিত্য ওড়ে সেই পরাভবকে ঘিরে। জয়-পরাজয়ের হিসাব ছাড়িয়ে বিশ্বক্রিকেটের কুলীন উঠোনে প্রথম পদক্ষেপ দীপ্তি ছড়ায় অগ্রসরমাণ ভবিষ্যতের শরীরে। ছড়াতেই থাকে, ছড়াতেই থাকবে। আমাদের অভিষেক টেস্ট ম্যাচ গত শতাব্দীর শেষ প্রহরে আমাদের কাছে এসেছিল খেলার চেয়ে বড় কিছু হয়ে। এসেছিল বহুল সংগ্রামে অর্জিত এক উৎসবের আদলে। আমরা সে উৎসবে দারুণভাবে মেতেছিলাম। বাংলাদেশ টেস্ট খেলতে শুরু করেছে—এটাই ছিল এক বিজয়। আমরা সে বিজয়টাই উদ্যাপন করছিলাম ২০০০ সালের ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ থেকে উৎসারিত হচ্ছিল এক অলৌকিক সৌরভ। সে ঔষধি সুগন্ধে ছিল বিশাল পরাজয়ের বেদনার উপশম। সেই অভিষেক টেস্টের পুরো ছবিটা আমাদের হূদয়ে বাঁধানো থাকবে বিশেষ প্রক্রিয়ায়। ছবিটার প্রথমাংশ থাকবে উন্মুক্ত, আর শেষাংশ থাকবে পর্দায় ঢাকা। ছবির খোলা অংশ সংবাদ দিয়ে যাবে আত্মশক্তি সম্পর্কে বিশ্বাস জাগ্রত রাখার, আর ঢাকা অংশ জানান দিয়ে যাবে আরও ঘাম ঝরানোর প্রয়োজনের।আজকের নভেম্বরের সঙ্গে সেই দিনের নভেম্বরের ১০ বছরের ব্যবধান। সে নভেম্বরের বাতাসে হিমকণা ছিল অনেক বেশি। অনাবিল ক্রিকেটানন্দের উষ্ণ শিহরণ ১০ নভেম্বরের শীতের সকালটাকে উপভোগ্য করে তুলেছিল। মধ্যমাঠে হেঁটে যাচ্ছেন বরেণ্য দুই আম্পায়ার—ডেভিড শেফার্ড আর স্টিভ বাকনর। সে এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের প্রথম টেস্ট-টস জিতলেন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। যেন এক শুভযাত্রার ইঙ্গিত। টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হচ্ছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে একসঙ্গে ১১ জন ক্রিকেটারের। সেদিনের ১১ জনে ছিলেন: নাঈমুর রহমান, শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও বিকাশ রঞ্জন দাস। দ্বাদশ ব্যক্তি ছিলেন রাজিন সালেহ। অন্যদিকে ভারতীয় দলে ওই টেস্টে অভিষেক হয় তিনজনের—জহির খান, সাবা করিম ও ওপেনার শিবসুন্দর দাসের।মাঠ ভরা দর্শক। টসে জিতে বাংলাদেশ ব্যাট করছে। জনপ্রিয় ওপেনিং জুটি মেহরাব ও শাহরিয়ার; অপি-বিদ্যুৎ নামেই যাঁদের বেশি চেনে সবাই। ভারতীয় নতুন বল অভিজ্ঞ জাভাগাল শ্রীনাথ ও অভিষেকী জহির খানের হাতে। টেস্ট ক্রিকেটের মেজাজে ছেড়ে ছেড়ে ব্যাট করছেন দুই ওপেনার। প্রথম ৫ ওভারে স্কোরবোর্ডে ১০ রান। ষষ্ঠ ওভারে জহির খানের প্রথম উইকেট। মেহরাব হোসেন অপির ব্যাটের কানা ছুঁয়ে বল সাবা করিমের গ্লাভসে বন্দী। ১০ রানে ১ উইকেট। শঙ্কা-আকুল বাংলাদেশ। লজ্জাজনক কম রানে না গুটিয়ে যাই! সবাই জানি, সে রকম কিছু হয়নি। সামলে নিয়েছেন হাবিবুল, আকরাম ও আমিনুল। দিন শেষে বাংলাদেশের ২৩৯ রান, ৬ উইকেটে। সুসংহত ও ধৈর্যশীল ৭০ রান নিয়ে মধ্যমাঠে অপরাজিত আমিনুল, সঙ্গী খালেদ মাসুদ। এর আগে ৭১ রানের এক অনবদ্য ইনিংস খেলে ফিরে গেছেন হাবিবুল বাশার। ১০টি চার সহযোগে ১৫৭ মিনিটের সেই ইনিংস স্বাগতিকদের এক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। সঙ্গে ছিল আকরাম খানের ৩৫ রানের যথাযথ সংগত। পরের দিন লাঞ্চের আগেই আমিনুল শতরান পূর্ণ করলেন। লাঞ্চের সময় ছিলেন ১০৬ রান নিয়ে অপরাজিত। লাঞ্চের পর ১৪৫ রান করে অজিত আগারকারের বলে শ্রীনাথের হাতে ধরা পড়েন লং লেগে। শেষ হয় ৩৮০ বলে ৫৩৫ মিনিটের এক অসাধারণ টেস্ট ইনিংসের। ধৈর্য, মনঃসংযোগ আর দায়িত্বশীলতার বিক্রমে উদ্ভাসিত এক চিরস্মরণীয় ব্যাটিং-কাব্য ছিল আমিনুলের সেই ইনিংস। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি হিসেবেই শুধু নয়, নির্মাণ-প্রক্রিয়ার শিল্পিত প্রকরণে আমিনুলের ওই ইনিংস সর্বার্থেই চির-অম্লান থাকবে অন্তত যাঁরা সেটা চাক্ষুষ করেছেন, তাঁদের কাছে। তাঁর ১৭টি চারের সব কটিই গ্যালারিতে ছড়িয়েছে উচ্চমার্গের শিল্প দেখার উল্লাস। মূলত আমিনুল ও হাবিবুলের কল্যাণে আমরা প্রথম পালায় ৪০০ ছুঁইলাম। সুনীল যোশির স্পিন ৫ উইকেট তুলে নিল। এরপর ভারতীয় ইনিংস ৪২৯ রানে শেষ হলে আমাদের আরেক ব্যক্তিগত অর্জন মুখ ভাসায়। অধিনায়ক নাঈমুর রহমানের অফ স্পিন ১৩২ রানে ৬ উইকেট তুলে নেয়। সেটাও আমিনুলের সেঞ্চুরির সমমানের অর্জন। নাঈমুর প্রায় ৪৫ ওভার বল করেন। ওভারপ্রতি খরচা তিন রানের কম।এটুকু পর্যন্ত ঠিক ছিল। এরপর যা ঠিক ছিল না, তা সবাই জানি। দ্বিতীয় পালায় আমরা ৯১ রানে গুঁড়িয়ে যাওয়ায় খেলাটি পঞ্চম দিনে গড়ায়নি। ম্যাচ রেফারি রমন সুব্বা রাও চতুর্থ দিনের শেষে ফ্লাডলাইট জ্বালিয়ে রেখেছিলেন খেলাটিকে পঞ্চম দিনে দু-এক ওভারের জন্য যাওয়ার হাত থেকে বাঁচাতে। প্রয়োজন হয়নি। ভারত ৯ উইকেটে জয় তুলে নিয়েছে সময়মতোই। তৃতীয় দিন মধ্যাহ্নভোজ পর্যন্ত আমরা খেলার মধ্যে প্রায় সমান সমানই ছিলাম। তারপর সময় যতই গড়িয়েছে, আমরা ততই পিছিয়েছি। পেছাতে পেছাতে বুঝেছি, টেস্ট খেলার মতো স্কিল আমাদের আছে, কিন্তু পাঁচ দিনের খেলার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা আমাদের নেই। প্রথম টেস্ট থেকে এ পাঠ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। ১০ বছর ধরে আমাদের পাঠ গ্রহণ চলছে। পাঠ্যক্রমটা সঠিকভাবে গ্রহণ করতে হয়তো আরও কিছু সময় লাগবে।ফলাফল যা-ই হোক, টেস্ট ক্রিকেটে পৌঁছানোর তৃপ্তিটা সেদিন পুরো মাত্রায় আমাদের ছিল। আমরা তারিয়ে তারিয়ে উপভোগ করেছি। প্রথম ইনিংসের পরপর আমাদের সাজঘরটা হয়ে উঠেছিল উৎসবের মঞ্চ। কী কারণে যেন আমিনুলের সেঞ্চুরির দিন পত্রিকা বন্ধ ছিল। আমরা প্রেসবক্স থেকে সবাই মিলে আমিনুলের সেঞ্চুরির সম্মানে একটি চটজলদি বুলেটিন বের করেছিলাম। এই লেখার সঙ্গে সেই বুলেটিনটা পিন দিয়ে গেঁথে দিতে পারলে বেশ হতো। আমাদের প্রথম টেস্টে দলীয় প্রশিক্ষক ছিলেন ভূমিপুত্র সারোয়ার ইমরান। ঐতিহাসিক কারণেই এ আমাদের এক গর্বের বিষয়। আমাদের টেস্ট ক্রিকেটমুখী যাত্রায় বড় ভূমিকা রাখা এডি বারলো দলের সঙ্গে থাকলেও তখন হুইল চেয়ারে বন্দী।ওই টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান। চতুর্থ আম্পায়ার এস বি চৌধুরী শিশির। স্কোরিংয়ের দায়িত্বে ছিলেন সত্যরঞ্জন বসাক, মো. মোস্তফা ও দীলিপ কুমার সাহা। পরাজিত হলেও ১০ বছর আগের সেই চারটি দিন আমাদের কাছে এক আনন্দযজ্ঞ হিসেবেই উপস্থিত হয়েছিল। স্বাধীনতা-উত্তরকালে আমাদের ক্রিকেট নিয়ে ইঞ্চি ইঞ্চি করে অগ্রসর হয়ে আমরা এক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছিলাম। অভিষেক টেস্টটা ছিল সে গন্তব্যে পৌঁছার উৎসব।