ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কনসালটিং ইঞ্জিনিয়ারিং সার্ভিস ও ভারতীয় দেভ কনসালটিং লিমিটেডকে নিয়োগ দিয়েছে সরকার।গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়। সওজ প্রায় ২৪ কোটি টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়।এই পরামর্শক প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োগ দেওয়া তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারক করবে। সওজের দাবি, পরামর্শক নিয়োগ হওয়ায় আগামী মাসের শুরুতে মাটি কাটাসহ পুরোদমে প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্প বাস্তবায়নে নিয়োগ করা তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে চীনা কোম্পানি সিনো হাইড্রো করপোরেশন, বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন ও আল আমিন-তাহের ব্রাদার্স (যৌথ)।চার লেন প্রকল্পের অধীনে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ দশমিক ২০ কিলোমিটার পথে বর্তমান মহাসড়কের সমান চওড়া আরও একটি সড়ক নির্মাণ করা হবে। বর্তমানে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কটি দুই লেনবিশিষ্ট। আরও দুটি লেন নির্মাণের পর মাঝখানে ডিভাইডার দেওয়া হবে। প্রকল্প শেষ হওয়ার কথা ২০১৩ সালের ডিসেম্বরে।পরামর্শক প্রতিষ্ঠান-সংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদারদের সঙ্গে গত ডিসেম্বরে চুক্তি হলেও ১১ মাসে প্রকল্পের কাজ শুরু করা যায়নি। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রায় ১৬৫ কোটি টাকা অগ্রিম তুলে নিয়েছে। দরপত্রে বলা হয়েছিল, প্রকল্পের কাজ শুরুর জন্য এক হাজার ৬৬৫ কোটি টাকার এই প্রকল্পের ১০ শতাংশ ঠিকাদাররা অগ্রিম হিসেবে নিতে পারবে।মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৬ ও ২০০৮ সালে অনিয়মের দায়ে চার লেন প্রকল্পের দরপত্র দুই দফা বাতিল করা হয়। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গভীর খানাখন্দ তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী ২০১৩ সাল পর্যন্ত বর্তমান মহাসড়কটি তাদেরই মেরামত করার কথা। কিন্তু গভীর খানাখন্দ মেরামতে ঠিকাদাররা এখন বাড়তি অর্থ দাবি করছে। সওজ সূত্র জানায়, অতিরিক্ত অর্থের বিনিময়ে এই ঠিকাদারদের দিয়েই সড়কটি মেরামত করা হবে।এর আগে মহাসড়ক চার লেন করার কাজের নকশা তৈরি করে পাকিস্তানি প্রতিষ্ঠান নেশপাক। এই প্রতিষ্ঠানেরই ঠিকাদারের কাজ তদারকের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু চুক্তির শর্ত মোতাবেক কাজ না করার অভিযোগে গত ১৮ মে নেশপাকের সঙ্গে চুক্তি বাতিল করে সওজ। এর পরই নতুন পরামর্শক নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়।নেশপাকের এ দেশীয় এজেন্ট মডার্নের মহাব্যবস্থাপক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, চুক্তি বাতিলের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন (সালিস নিষ্পত্তি) করা হয়েছে। আদালত রুল দিয়ে ২৮ নভেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। এ অবস্থায় নতুন করে পরামর্শক নিয়োগ আদালত অবমাননার শামিল।প্রকল্প পরিচালক আরিফুর রহমান বলেন, নতুন পরামর্শক নিয়োগে আইনি কোনো জটিলতা নেই। দ্রুত কাজ শুরু করার জন্য অর্থমন্ত্রীর কাছ থেকে অনুমোদন করে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁর অনুমোদন নেওয়া হবে।