এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে দুটি ধারাবাহিক নাটক গাড়ি চলে না ও পুতুল খেলা। প্রথমটি লিখেছেন হুমায়ূন আহমেদ, পরিচালনা করেছেন অনিমেষ আইচ আর দ্বিতীয়টি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। এই দুটি ধারাবাহিকেই অভিনয় করছেন মৌটুসী। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো হুমায়ূন আহমেদের আরও একটি ধারাবাহিকে কাজ করেছেন।হ্যাঁ, রুমালী। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছিলেন ও পরিচালনা করেছিলেন অরুণ চৌধুরী। কিন্তু গাড়ি চলে নার নাট্যরূপ হুমায়ূন আহমেদ নিজেই দিয়েছেন। ওনার সংলাপের যে আলাদা একটা ধরন রয়েছে, মজা আছে—সেটা এই নাটকে ভালোভাবে পাচ্ছি। নাটকে নিম্নআয়ের মানুষদের রংধনু চিহ্নিত নগর স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আপনি তো এই ধারাবাহিকে একজন চিকিৎসক। কাজটা কেমন লেগেছে?আমি পর্দায় আসা মানেই হলো নানা সমস্যা নিয়ে কথা বলা। সত্যি বলতে, এই নাটকে কাজ করতে এসে আমি নিজেই প্রয়োজনীয় অনেক কিছু জানতে পেরেছি। তাহলে বুঝুন, অন্যদের জন্য এটা কতটা দরকার। এখানে প্রচুর পরামর্শ রয়েছে, যা সবারই জানা প্রয়োজন। আর গল্পটিও চমৎকার। ‘পুতুল খেলা’ ধারাবাহিকে দুলাভাই আসলে কী চাইছেন?দুলাভাই (শহীদুজ্জামান সেলিম) তো বাড়ির সবকিছু কবজা করার ষড়যন্ত্র করছেন। আর আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। ওদিকে আমি যাঁকে পছন্দ করি, সেই মোশাররফ করিম কিছুদিন পরপর চাকরি ছাড়েন। ফলে তাঁর ওপর নির্ভর করে যে কোনো সিদ্ধান্ত নেব, সেটাও পারছি না। আমি এখন সিদ্ধান্ত নিতে পারছি না।চলচ্চিত্রে অভিনয় করছিলেন। ওটার কাজের খবর কী?৬৮ পাতলাখান লেন ছবির শুটিং শেষ। এটি আমার দ্বিতীয় ছবি। প্রথমটি ছিল ব্যাচেলর। চট্টগ্রাম, পুরান ঢাকা, জাতীয় উদ্যানসহ নানা জায়গায় আমরা কাজ করেছি। এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস। পরিচালনা করেছেন রাফায়েল আহসান। যতটুকু শুনেছি, এখন ছবিটির শুটিং-পরবর্তী কাজগুলো হচ্ছে।