পরিকল্পনা আছে, বাস্তবায়নে সেই পুরোনো সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে একটি বিশদ পরিকল্পনা নিয়েছে। তবে এর বাস্তবায়ন অতীতের মতোই বিলম্বিত হচ্ছে। তা ছাড়া সরকারের সিদ্ধান্ত গ্রহণেও বিলম্ব হচ্ছে আগের মতোই।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ অবস্থায় বর্তমান সরকার এই খাতের উন্নয়নে ঘোষিত নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে পারবে কি না, সে বিষয়ে সন্দেহ দেখা দিতে শুরু করেছে।পরিকল্পনা গ্রহণে বিলম্ব: সরকার বিদ্যুৎ উত্পাদন বাড়ানোর স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে অহেতুক বিলম্ব করেছে। ৬ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এই পরিকল্পনা চূড়ান্ত করতে প্রায় ছয় মাস লেগেছে। অথচ এটি কার্যত নতুন কোনো পরিকল্পনা নয়। এতে বিদুত্ ও গ্যাসের আশু চাহিদা মেটাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কতিপয় গ্যাসক্ষেত্রে ওয়ার্কওভার (পুরোনো ও স্থগিত কূপ থেকে উত্পাদন বাড়ানো) ও নতুন কয়েকটি কূপ খননের যে উদ্যোগের কথা বলা হয়েছে, সে পরিকল্পনা বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই করা হয়েছিল। এ জন্য ছয় মাস সময় লাগানোর কোনো কারণই ছিল না। বাস্তবায়নে বিলম্ব: বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়ানোর স্বল্পমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন পরিকল্পিত সময় অনুযায়ী হচ্ছে না। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিলম্বিত হচ্ছে। তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ পিছিয়ে গেছে। কয়লানীতি প্রণয়ন, কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদের অনুসন্ধান, গ্যাস ও কয়লার অর্থনৈতিক ব্যবহারসহ প্রতিটি নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়নই পিছিয়ে গেছে। সরকারের এক বছরে এসব কাজের যতটুকু অগ্রগতি হতে পারত, তা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম প্রথম আলোকে বলেন, সরকারের উচিত ছিল এক বছরেই গ্যাস বা কয়লাভিত্তিক বড় বিদ্যুত্ প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু করে দেওয়া। দরকার হলে বিদ্যমান আমলাতান্ত্রিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে গিয়ে রাজনৈতিক সমঝোতা সৃষ্টির মাধ্যমে এগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা উচিত ছিল।তামিম বলেন, ‘২০, ২৫ বা ৫০ মেগাওয়াটের কেন্দ্র স্থাপন করে বিদ্যমান বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে স্বল্প সময়ের মধ্যে উত্পাদন বাড়ানোর জন্য আমরা সেটা করেছি। এগুলো করে এক-দেড় বছর সমস্যা ঠেকিয়ে রাখা যায়—দীর্ঘস্থায়ী সমাধান হয় না। কাজেই বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন বিলম্বিত হলে এরপর পরিস্থিতি সামলানো খুব কঠিন হবে।যোগাযোগ করা হলে বিদ্যুত্ সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা বিদ্যুত্ সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। যেকোনোভাবেই হোক, এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। কোনো অজুহাতে করা গেল না, এ কথা বলারও কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো স্থাপনের ক্ষেত্রে আমরা মাসখানেক পিছিয়ে আছি। তবে এটা আমরা পুষিয়ে নিতে পারব, কোনো সমস্যা হবে না।’নির্বাচনী ইশতেহার: আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট বিবেচনায় পাঁচটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। পরে মহাজোট সরকার ওই ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দেয়। এই অগ্রাধিকারের পাঁচটি বিষয়ের অন্যতম (তিন নম্বরে) বিদ্যুত্ ও জ্বালানি খাত। এই খাতের উন্নয়নের লক্ষ্যে ইশতেহারে বলা হয়েছে, ‘বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত সার্বিক জ্বালানি নীতিমালা গ্রহণ করা হবে।’ কিন্তু গত এক বছরে সরকার এ রকম কোনো নীতিমালা গ্রহণের উদ্যোগ নেয়নি। ইশতেহারে বলা হয়েছে, ‘তেল, গ্যাস, কয়লা, জলবিদ্যুত্, বায়োগ্যাস এবং জৈবশক্তি, বায়ুশক্তি ও সৌরশক্তিসহ জ্বালানির প্রতিটি উৎসের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা হবে।’ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ‘আঞ্চলিক জ্বালানি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে’ বলে ইশতেহারে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানের সঙ্গে এ বিষয়ে সরকারের আলোচনা ও কোনো কোনো বিষয়ে সমঝোতার ক্ষেত্র তৈরি হচ্ছে।জরুরিভিত্তিক কর্মসূচি: ইশতেহারে তিন বছর মেয়াদি একটি ক্র্যাশ প্রোগ্রামের (জরুরিভিত্তিক কর্মসূচি) আওতায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলা হলেও এখন পর্যন্ত তা গ্রহণ করা হয়নি। বিদ্যুত্ খাতের অনেক কর্মকর্তা মনে করেন, এ রকম একটি জরুরিভিত্তিক কর্মসূচি নেওয়া এই খাতের উন্নয়নে জরুরি। বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস ও আমদানি করা কয়লাভিত্তিক প্রতিটি ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও গত এক বছরে এর বাস্তবায়ন হয়নি। ‘রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র প্রকল্প বাস্তবায়িত করা হবে’ বলে ইশতেহারের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। তবে কারিগরি, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণে এই প্রকল্প আগামী ১০ বছরেও বাস্তবায়ন সম্ভব নয় বলে সরকারি সূত্রগুলো মনে করেন।বিদ্যুৎ উৎপাদন: ইশতেহারে বলা হয়েছে, ‘আগামী তিন বছরে অর্থাত্ ২০১১ সালের মধ্যে বিদ্যুত্ উত্পাদন পাঁচ হাজার মেগাওয়াট, ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট এবং ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।’ইশতেহারে প্রকাশিত এই বক্তব্য দ্ব্যর্থবোধক। বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০১১ সালের মধ্যে বিদ্যুৎ উত্পাদন পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার অর্থ যদি হয় বিদ্যমান উত্পাদন ক্ষমতাসহ (প্রায় চার হাজার মেগাওয়াট) পাঁচ হাজার মেগাওয়াট করা, তাহলে সেটা সম্ভব। সে ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগে নতুন উৎপাদিত বিদ্যুত্ ৪০০ মেগাওয়াটের বেশি লাগবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে কয়েকটি ভাড়াভিত্তিক ও পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে, তার মধ্যে কয়েকটি আগে চালু হলেও আগামী মাস দুয়েকের মধ্যে আরও প্রায় ৭০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র চালু হবে। এর সঙ্গে বর্তমান সরকারের উদ্যোগে শুরু হওয়া ভাড়াভিত্তিক কয়েকটি কেন্দ্র চালু হলেই ২০১১ সালের লক্ষ্য পূরণ হবে।২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ উত্পাদন সাত হাজার মেগাওয়াটে উন্নীত করার ঘোষণার ক্ষেত্রেও একই কথা খাটে। সরকার ইতিমধ্যে মধ্যমেয়াদি যে উত্পাদন পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়িত হলে দেশের মোট বিদ্যুৎ উত্পাদন ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট হবে। তবে তাতে চাহিদার তুলনায় উত্পাদন ঘাটতি থেকেই যাবে। কারণ ২০১১ সালে চাহিদা হবে সাড়ে ছয় হাজার মেগাওয়াট এবং ২০১৩ সালে হবে অন্তত আট হাজার মেগাওয়াট।সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার বিদ্যুত্ ও জ্বালানি খাতের সমস্যা যথাযথভাবে বুঝেই ক্ষমতায় এসেছিল। কিন্তু এই সমস্যা সমাধানে যে গতিতে কাজ শুরু করা দরকার ছিল, তা করতে পারেনি। তবে তারা একটি ভালো পরিকল্পনা করেছে এবং আশা করা যায়, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ বিদ্যুত্ ও জ্বালানি সংকট থেকে মুক্ত হবে।গ্যাস অনুসন্ধান: নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ‘তেল ও নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং আহরণের কাজে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে। গ্যাস ও এলপিজির সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করা হবে।’গত এক বছরে সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না। সমুদ্রবক্ষের তিনটি ক্ষেত্রে অনুসন্ধানে উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের যে প্রক্রিয়া চলছিল, তাও স্থবির হয়ে পড়েছে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা অর্থাত্ পাইপ লাইন স্থাপনের কাজ হয়তো সরকার শুরু করতে পারবে। কিন্তু সেই পাইপ লাইনে সরবরাহ করার মতো গ্যাস পাবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে।কয়লানীতি উপেক্ষিত: ‘জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কয়লানীতি প্রণয়ন করা হবে’ এবং ‘এ যাবত্ প্রাপ্ত কয়লার অর্থনৈতিক ব্যবহার ও কয়লাভিত্তিক নির্মাণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ইশতেহারে বলা হয়েছে। সরকারের গত এক বছরের কর্মকাণ্ডে কয়লানীতি প্রণয়নের বিষয়ে অঙ্গীকারের কোনো প্রতিফলন ঘটেনি।তত্ত্বাবধায়ক সরকারের আমলেই জাতীয় বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত করা খসড়া কয়লানীতিটি যাচাই-বাছাই করে অনুমোদন করা মোটেই কঠিন ছিল না। কিন্তু কার্যত সেটি এখন হিমাগারে। নতুন কয়লাক্ষেত্র ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধানেও তেমন কোনো কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করা হচ্ছে না। তবে একমাত্র বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন বাড়ানো, সেখানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসন—এসব বিষয়ে কিছু কাজ করা হচ্ছে।