বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের দুই বছরের প্রথম বছর গেছে পরিকল্পনা করতে। দ্বিতীয় বছর গেছে চুক্তি স্বাক্ষরে। ফলে এই সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তেমন কমেনি। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়নি নতুন প্রকল্প।গত দুই বছরে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে এক হাজার ১২১ মেগাওয়াট। এর মধ্যে বর্তমান সরকারের পরিকল্পিত কেন্দ্র থেকে এসেছে মাত্র ৪১০ মেগাওয়াট। বাকি বিদ্যুৎ এসেছে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পিত কেন্দ্র থেকে।তবে সরকারের তৃতীয় বছরে (২০১১) পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের মতে, এ বছর দুই হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা।এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বর্তমানে চাহিদার তুলনায় দেশে বিদ্যুৎ ঘাটতি প্রায় ৪০ শতাংশ। ২০১১ সালে এই ঘাটতি ১৭ শতাংশে নেমে আসবে। ফলে পরিস্থিতি সহনীয় পর্যায়ে উন্নীত হবে। ২০১২ সালের শেষে চাহিদার তুলনায় ঘাটতি থাকবে চার শতাংশ। বার্ষিক চাহিদা বৃদ্ধি, পুরোনো কেন্দ্রের উৎপাদনক্ষমতা কমে যাওয়া প্রভৃতি ধরেই এই হিসাব করা হয়েছে।উৎপাদন ও চাহিদা: উৎপাদনক্ষমতা পাঁচ হাজার ৯৩৬ মেগাওয়াট (ক্যাপটিভ ছাড়া, ভেড়ামারা ১১০ মেগাওয়াট কেন্দ্রসহ)। কিন্তু প্রকৃত উৎপাদন অধিকাংশ সময়ই থাকে চার হাজার মেগাওয়াটের কাছাকাছি। কারণ ৯০০ থেকে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র সব সময় থাকে মেরামত-সংরক্ষণে। গ্যাস সরবরাহ কম থাকায় উৎপাদন কম হয় ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট। এ ছাড়া কারিগরি ত্রুটি বা দুর্ঘটনার কারণেও কখনো কখনো দু-একটি কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায়। এসব হিসাব-নিকাশ করে পিডিবির দেওয়া তথ্য অনুযায়ী সাধারণভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় চার হাজার থেকে চার হাজার ৬০০ মেগাওয়াট। দেশের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন চার হাজার ৬৯৯ মেগাওয়াট (২০ আগস্ট, ২০১০)।এই উৎপাদনের বিপরীতে পিডিবির হিসাবে সর্বোচ্চ চাহিদা ছয় হাজার মেগাওয়াট (গ্রাহক প্রান্তে লোড ব্যবস্থাপনা বা ডিমান্ড সাইড ম্যানেজমেন্টসহ—ডিএসএম)। আর ডিএসএম ছাড়া সর্বোচ্চ চাহিদা অন্তত সাত হাজার মেগাওয়াট। ডিএসএমসহ ঘাটতি এক হাজার ৪০০ থেকে দুই হাজার মেগাওয়াট। ডিএসএম না করলে ঘাটতি দুই হাজার ৪০০ থেকে তিন হাজার মেগাওয়াট।নতুন উৎপাদন: বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দুই বছরে জাতীয় গ্রিডে মোট এক হাজার ১৩১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের উদ্যোগের ফল ৪১০ মেগাওয়াট (কুইক রেন্টাল ২৫০, তিন বছর মেয়াদি ঠাকুরগাঁও রেন্টাল ৫০ ও ভেড়ামারা ১১০ মেগাওয়াট)। বাকি সবগুলোর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।তবে বর্তমানে কুইক রেন্টালসহ যেসব নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে, তাতে এপ্রিল মাসের মধ্যে এক হাজার ৩৫০ মেগাওয়াট এবং এই বছরের মধ্যে আরও ৯৮৪ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা।এ ছাড়া ২০১৫ সাল পর্যন্ত নতুন বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনায় ২০১২ সালে দুই হাজার ৮৭ মেগাওয়াট, ২০১৩ সালে দুই হাজার, ২০১৪ সালে এক হাজার ৬৭০ এবং ২০১৫ সালে তিন হাজার ৫০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে।এ পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালে দেশে চাহিদার তুলনায় ৩৬২ মেগাওয়াট উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা। তবে নতুন উৎপাদনের পাশাপাশি পুরোনো কেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা কিছু কমে যাবে বলে অল্প কিছু ঘাটতি থাকতে পারে। এরপর ২০১৩ সালে আট হাজার ৩৪৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে মোট বিদ্যুৎ উৎপাদিত হবে নয় হাজার ৮৫২ মেগাওয়াট। ২০১৪ সালে চাহিদা হবে নয় হাজার ২৬২ মেগাওয়াট, আর উৎপাদনক্ষমতা হবে ১০ হাজার ৪৪৭ মেগাওয়াট। ২০১৫ সালে ১০ হাজার ২৮৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হবে ১২ হাজার ৪৬২ মেগাওয়াট।সরকারি এই পরিকল্পনায় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। বলা হয়েছে, দীর্ঘসূত্রতার কারণে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হতে পারে। তা হলেও বিদ্যুৎ খাতে স্থিতিশীল পরিস্থিতি আনা সম্ভব হবে।দুই বছরের অভিজ্ঞতা: বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের দুই বছর মেয়াদকালের অভিজ্ঞতা তেমন আশাব্যঞ্জক নয়। এই সময়ে বিদ্যুৎ খাত পরিকল্পনায় যতটা এগিয়েছে, বাস্তবায়নে ততটা নয়। এর কারণ পরিকল্পনা গ্রহণে বিলম্ব; অনভিজ্ঞ কোম্পানিকে কাজ দেওয়া ও প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আট মাস পর ২০০৯ সালের আগস্টের শেষ দিকে বিদ্যুৎ মন্ত্রণালয় প্রথম ঘোষণা করে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত। এটি এমন কোনো নতুন কিংবা উদ্ভাবনী সিদ্ধান্ত ছিল না যে এ জন্য আট মাস সময় লাগবে। প্রকৃতপক্ষে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের শেষ বছর। কিন্তু তাদের শাসন মেয়াদের অন্য সময়ের মতো শেষ দিকের ওই সিদ্ধান্তও তারা বাস্তবায়ন করতে পারেনি। তবে এ ব্যাপারে কিছু পরিকল্পনা করেছিল।ওই পরিকল্পনার সূত্র ধরেই পরে তত্ত্বাবধায়ক সরকার দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করতে পেরেছে। এ কারণেই বর্তমান সরকারের আমলে এখনো পর্যন্ত যে এক হাজার ১৩১ মেগাওয়াট বিদ্যুৎ নতুন উৎপাদিত হয়েছে, তার মধ্যে ৪১০ মেগাওয়াট ছাড়া সবই ওই আমলের। এই ৪১০ মেগাওয়াটের মধ্যেও ২৫০ মেগাওয়াট এসেছে ‘কুইক রেন্টাল’ কেন্দ্র থেকে। অথচ এই কুইক রেন্টাল কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয় সবার শেষে। আগস্ট ২০০৯-এর ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন যখন বিলম্বিত হয়ে পড়ে, যখন দেখা যায়, ওই সব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে জাতীয় গ্রিডে সরকার প্রথম দুই বছরেও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে পারবে না, তখনই বিনা দরপত্রে ‘কুইক রেন্টাল’ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়। এই পদক্ষেপের কারণে সরকারকে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’ নামে একটি বিশেষ আইনও পাস করতে হয়েছে (২০১০ সালের ৫৪ নম্বর আইন)।সংশ্লিষ্ট অনেক সরকারি কর্মকর্তা ও বেসরকারি উদ্যোক্তা মনে করেন, ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণে সরকার আট মাস সময় নষ্ট না করলে আরও বেশি দামে কুইক রেন্টাল কেন্দ্র স্থাপনের দরকার হতো না। কিংবা প্রথমেই কুইক রেন্টাল কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিতে পারলে এখনকার মতো এত বেশি ভাড়াভিত্তিক কেন্দ্র করতে হতো না। বিদ্যুৎ ঘাটতিও কমত।সিদ্ধান্ত নিতে দেরির কারণে সরকারকে অত্যন্ত বেশি দামে ডিজেলচালিত ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিতে হয়েছে। ২০০৯-১০ সালের বোরো মৌসুম সামনে রেখে সরকার ৯০ থেকে ১২০ দিনের মধ্যে উৎপাদন শুরু করার শর্তে ডিজেলচালিত ভাড়াভিত্তিক কেন্দ্র করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। প্রথমে মোট ৫৩০ মেগাওয়াট রেন্টাল কেন্দ্র স্থাপনের যে তফসিল ঘোষণা করা হয়, তার মধ্যে ২৫০ মেগাওয়াট ছিল ডিজেলচালিত, যার প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম পড়েছে ১৫-১৬ টাকা। বাকিগুলো ফার্নেস তেলচালিত, যার প্রতি ইউনিট বিদ্যুতের দাম সাত-আট টাকা।পরিকল্পনা নিতে দেরি করায় ডিজেলচালিত কেন্দ্র করতে গিয়ে ব্যয় বেড়েছে অনেক। এই ২৫০ মেগাওয়াট গ্রিডে আসার কথা ছিল ২০১০ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে। কিন্তু বিস্ময়কর হলো, ওই ২৫০ মেগাওয়াটের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০ মেগাওয়াটের একটি ও ১১০ মেগাওয়াটের একটি কেন্দ্র চালু হয়েছে।গত দুই বছরে আরও অন্তত ২০৫ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র চালু হওয়ার কথা ছিল (যশোর রেন্টাল ১০৫ ও সিদ্ধিরগঞ্জ কুইক রেন্টাল ১০০ মেগাওয়াট), কিন্তু হয়নি। তবে সরকার এই সময়ে চালু হওয়া কেন্দ্রগুলো ছাড়াও প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সই করেছে। আরও বেশ কিছু কেন্দ্র চুক্তি স্বাক্ষরের তালিকায় আছে।সময়মতো চালু হয়নি: ভেড়ামারা ১১০ মেগাওয়াট ও নওয়াপাড়া ১০৫ মেগাওয়াট ক্ষমতার রেন্টাল বিদ্যুৎকেন্দ্র দুটি গত নভেম্বরে চালু হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথমটিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে গত ২৬ ডিসেম্বর। অন্যটি মার্চের আগে চালু হবে না।সিদ্ধিরগঞ্জ ১০০ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল কেন্দ্রটিও নভেম্বরে চালু হওয়ার কথা ছিল। মেঘনাঘাট ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু হয়নি।এ ছাড়া ৫০ মেগাওয়াট ক্ষমতার বরিশাল রেন্টাল বিদ্যুৎকেন্দ্রটি আগামী মার্চে চালু হওয়ার কথা। কিন্তু কাজের অগ্রগতি ৫০ শতাংশও হয়নি। তাই এটি সময়মতো চালু হওয়ার সম্ভাবনা খুবই কম।নতুন কেন্দ্রে জ্বালানি সরবরাহ: নতুন বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে বাড়তি সাত লাখ মেট্রিক টন ডিজেল ও ফার্নেস তেলের প্রয়োজন হবে। এরই মধ্যে এগুলো আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই বাড়তি জ্বালানি তেল কোথায় রাখা হবে এবং কীভাবে কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে, তা নিয়ে সমস্যা রয়েছে।সরকারি সূত্র জানায়, গত ২০ বছরে বিপিসির তেল মজুদক্ষমতা খুব বেশি হলে ২০ হাজার টন বাড়ানো গেছে। এ অবস্থায় এক বছরের মধ্যে সাত লাখ টন মজুদক্ষমতা বাড়ানো অসম্ভব। তবে আগামী আগস্টের মধ্যে বিপিসি ৪০ হাজার মেট্রিক টন ডিজেল ও ৩০ হাজার টন ফার্নেস তেল রাখার মতো প্রয়োজনীয় ট্যাংক নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।