পরিকল্পনা সমন্বিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনা স্পষ্ট। প্রতিবছর উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও অস্পষ্ট নয়। তবে বিদ্যুৎকেন্দ্রে সময়মতো প্রয়োজনীয় পরিমাণ জ্বালানির (গ্যাস-কয়লা-তেল) কীভাবে জোগান হবে, তা স্পষ্ট নয়।সাধারণভাবে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করলে ওই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানির উৎস এবং নির্ধারিত সময়ে সেই জ্বালানির জোগান নিশ্চিত করারও পরিকল্পনা করা হয়। জ্বালানির জোগান নিশ্চিত না হলে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে কোনো লাভ নেই।কিন্তু ‘বিদ্যুৎ খাতের উন্নয়ন: পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক যে উপস্থাপনা গতকাল রোববার করা হলো, সেখানে বিদ্যুৎকেন্দ্রে সময়মতো প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের পরিকল্পনা স্পষ্ট করা হয়নি। এমনকি বিদ্যুৎ খাত উন্নয়নের ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন বছর কী পরিমাণ গ্যাস, কয়লা বা জ্বালানি তেল লাগবে, তারও কোনো হিসাব নেই।শুধু বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে একক জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের পরিবর্তে মিশ্র জ্বালানির (তেল, কয়লা, পরমাণু, সৌর, বায়ু প্রভৃতি) ব্যবহার বাড়ানো হবে। সে অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত কোন ধরনের জ্বালানি থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, সেই হিসাব আছে।গতকাল দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ মন্ত্রী, দুই সচিব এবং বিদ্যুৎ খাতের সবগুলো সংস্থার শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই উপস্থাপনা দেওয়া হয়। সেখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সঙ্গে জ্বালানি সরবরাহের পরিকল্পনা সমন্বিত কি না, জানতে চাইলে স্পষ্ট কোনো জবাব কেউ দেননি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে সমন্বিত পরিকল্পনা দরকার বলে মন্তব্য করেন এবং তা আছে বলার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতের মতো জ্বালানি খাতের, বিশেষ করে গ্যাস খাতের উন্নয়ন সম্পর্কে শিগগিরই তাঁরা আলাদা একটি উপস্থাপনা গণমাধ্যমের সামনে দেবেন। সেখানে সবকিছু স্পষ্ট করা হবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম প্রথম আলোকে বলেন, বড় সমস্যা দুটি—জ্বালানি ও অর্থ। জ্বালানির ক্ষেত্রে সরকারি পরিকল্পনায় এখন পর্যন্ত আমদানি প্রাধান্য পাচ্ছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত সময়ে আমদানি করতে হলে অবকাঠামো অনেক উন্নয়ন দরকার হবে।ম. তামিম বলেন, গ্যাসভিত্তিক অনেক কেন্দ্রের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেই। বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে শুধু বাপেক্সের কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না।ম. তামিম বলেন, অর্থের বিষয়টিও খুব জটিল হয়ে উঠেছে। সরকারের হাতে প্রয়োজনীয় অর্থ নেই। বেসরকারি খাতেও বড় যে কটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করা হয়েছে, সেগুলোতেও বিনিয়োগের সমস্যা দেখা যাচ্ছে।বিদ্যুতের মূল্যবৃদ্ধি: সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম বাড়ানো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম আরও তিন বছর বাড়াতে হতে পারে। তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, অর্থমন্ত্রীর উক্তি স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। বিদ্যুতের দাম বাড়ানো হয় জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে। বিদ্যুতের দামের বিষয়টি সরকারের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।উৎপাদন বেড়েছে কত: উপস্থাপনায় বলা হয়, গত তিন বছরে বিদ্যুৎ উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। এই সময়ে ভাড়াভিত্তিক, কুইক রেন্টাল ও অন্যান্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মোট ৪৯টি চুক্তি সই হয়েছে। এর মধ্যে ২০টি চুক্তি বাস্তবায়িত হয়েছে। এতে বিদ্যুতের উৎপাদন বেড়েছে এক হাজার ৯৪৪ মেগাওয়াট। এর সঙ্গে গত তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগের ফলে এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর উৎপাদনে আসা বিদ্যুৎ যোগ করলে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৮৯৪ মেগাওয়াট। এর প্রায় পুরোটাই ডিজেল ও ফার্নেস তেলভিত্তিক।ভবিষ্যৎ পরিকল্পনা: উপস্থাপনায় বলা হয়, চলতি বছর (২০১২ সাল) নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে এক হাজার ৯৮৬ মেগাওয়াট। আগামী বছর নতুন যোগ হবে আরও তিন হাজার ৩৩৯ মেগাওয়াট। ২০১৪ সালে হবে তিন হাজার ২৯৭ মেগাওয়াট। ২০১৫ সালে হবে দুই হাজার ১৮২ মেগাওয়াট এবং ২০১৬ সালে নতুন বিদ্যুৎ আসবে দুই হাজার ৩৫০ মেগাওয়াট।সব মিলিয়ে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে মোট নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে ১৩ হাজার ১৫৪ মেগাওয়াট। কিন্তু এই বিদ্যুৎকেন্দ্রগুলো সময়মতো চালু হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাবে কি না, কিংবা সম্ভাব্য জ্বালানি উৎসগুলো উন্নয়নের কোন পর্যায়ে রয়েছে, সে সম্পর্কে উপস্থাপনায় কিছু বলা হয়নি।আবার বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দেখানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে মোট ৩৮ হাজার ৭০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর মধ্যে দেশের খনি থেকে তোলা কয়লা দিয়ে করা হবে ১১ হাজার ২৫০ মেগাওয়াট। আমদানি করা কয়লা থেকে করা হবে আট হাজার ৪০০ মেগাওয়াট। দেশের গ্যাস ও আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিয়ে করা হবে আট হাজার ৫৫০ মেগাওয়াট। পারমাণবিক জ্বালানি থেকে করা হবে চার হাজার মেগাওয়াট। আঞ্চলিক গ্রিড থেকে পাওয়া যাবে (আমদানি) সাড়ে তিন হাজার মেগাওয়াট। আর অন্যান্য জ্বালানি (তেল, পানি ও নবায়নযোগ্য) থেকে হবে দুই হাজার ৭০০ মেগাওয়াট।ভিন্ন চিত্রও আছে: ওপরের হিসাব থেকে বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের যেমন সমন্বিত কোনো চিত্র পাওয়া যায় না, তেমনি এমন কিছু বিদ্যুৎ প্রকল্পও আছে, যেখানে জ্বালানির সরবরাহ মোটামুটি নিশ্চিত। কিন্তু বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ে হবে কি না, তা অনিশ্চিত। বিশেষ করে ভবিষ্যৎ বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর ক্ষেত্রে এমন দেখা যায়। যেমন, ভোলা ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি স্থাপনের জন্য শুধু দরপত্র গ্রহণ করা হয়েছে। কিন্তু এই কেন্দ্রের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আসার সময় নির্ধারণ করা হয়েছে ২০১৪ সালের মার্চ। অর্থাৎ সময় আছে আড়াই বছর। কেন্দ্রটির জন্য চূড়ান্ত চুক্তি করতে সময় লাগবে আরও অন্তত তিন মাস। এরপর নির্মাতাপ্রতিষ্ঠান সময় পাবে তিন বছর। ফলে কেন্দ্রটি সময়মতো স্থাপন অনিশ্চিত। কিন্তু সেখানে সরবরাহের জন্য গ্যাস প্রস্তুত আছে।এ ছাড়া ২০১৪-১৫ সালের মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র হিসেবে সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট, আশুগঞ্জ ৪৫০, ভেড়ামারা ৩৬০, বিবিয়ানা-৩ নম্বর ইউনিট ৪৫০, শাহজীবাজার ৩০০ ও ঘোড়াশাল ৩০০ মেগাওয়াট কেন্দ্রগুলো চালু করার কথা পরিকল্পনায় বলা হয়েছে। কিন্তু ২০১৪-১৫ সালের মধ্যে এই প্রায় দুই হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র চালানোর মতো বাড়তি গ্যাসের প্রাপ্তি মোটেই নিশ্চিত নয়।পিডিবি ও ভারতের এনটিপিসির যৌথ উদ্যোগে স্থাপনের জন্য প্রস্তাবিত বাগেরহাটের রামপালের এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক কেন্দ্রটির বিষয় আরও ভিন্ন। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর এত বড় কেন্দ্রটি স্থাপনে সময় লাগবে অন্তত চার বছর। এখন পর্যন্ত চুক্তিই হয়নি। এরপর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি বন্দরসহ বিপুল পরিমাণ কয়লা আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে, বিশেষজ্ঞদের মতে, যা অসম্ভব।জ্বালানি প্রসঙ্গ: উপস্থাপনায় অবশ্য বিদ্যুৎকেন্দ্রে প্রাথমিক জ্বালানি সরবরাহের বিষয়ে তেমন উচ্চাশাও ব্যক্ত করা হয়নি। উপস্থাপনায় বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশের স্থলভাগে কিংবা সমুদ্রবক্ষে উল্লেখযোগ্য কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়নি। তবে অনুসন্ধান বাড়ানো হয়েছে। বিদ্যমান ক্ষেত্রগুলোতে বাড়তি গ্যাস পাওয়া গেলে পরিস্থিতি পাল্টে যেতেও পারে।কয়লা সম্পর্কে বলা হয়েছে, সবচেয়ে সুবিধাজনক বিকল্প। দেশীয় ও আমদানি করা কয়লা ব্যবহারের সুযোগ আছে। জ্বালানি তেল সম্পর্কে বলা হয়েছে, বাজার অস্থিতিশীল, দাম চড়া। শুধু পিকিং বিদ্যুৎকেন্দ্রে (কেবল সর্বোচ্চ চাহিদার সীমিত সময়ে চালানোর জন্য স্থাপিত) ব্যবহার করা যেতে পারে। এলএনজিকে বলা হয়েছে, নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয়। পারমাণবিক জ্বালানিকে বলা হয়েছে, দূষণমুক্ত নিরাপদ প্রযুক্তি। ভবিষ্যতে বড় বিদ্যুৎকেন্দ্রের নির্ভরযোগ্য জ্বালানি হতে পারে।উপস্থাপনায় জ্বালানি সম্পর্কে আরও বলা হয়, বিদ্যুৎ খাতের উৎপাদন কোম্পানিগুলো তাদের বিদ্যুৎকেন্দ্রের জন্য দেশীয় কয়লাক্ষেত্র উন্নয়ন করতে এবং বিদেশ থেকে কয়লা আমদানি করতে পারবে।এ ছাড়া সরকার ৩০ থেকে ৫০ মেগাওয়াট ক্ষমতার ছোট ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবে। সাধারণত পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র ব্যবহূত হয়। এতে বিদ্যুতের দাম কম পড়বে। স্থাপনে সময়ও লাগবে অপেক্ষাকৃত কম।চুক্তি সই: বিদ্যুৎ ভবনের ‘বিজয় হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনের পাশাপাশি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে বিদ্যুৎ খাতের নয়টি সংস্থার সঙ্গে বিদ্যুৎ মন্ত্রণালয় আলাদা চুক্তি সই করে। এসব চুক্তিতে সংস্থাগুলোর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ও লক্ষ্যার্জনের সময়সূচি ঠিক করে দেওয়া হয়েছে। এখন থেকে ওই সময়সূচি অনুযায়ী সবকিছু হয় কি না, মন্ত্রণালয় তা পর্যবেক্ষণ করবে। সংস্থাগুলো হচ্ছে: পিডিবি, আরইবি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার কোম্পানি (এপিএসসিএল), ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও পিজিসিবি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ছাড়াও বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উপস্থাপনা করেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।