পরিকল্পনায় এগিয়ে থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতেই কাজের পরিকল্পনা করা উচিত, সাফল্যের জন্য।যদি তা করার সুযোগ না পান তবে যেকোনো সময়ই পরবর্তী তিন মাস, ছয় মাস বা এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা করে নিতে পারেন।এতে আপনার পেশায় বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে।বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিন। তৈরি করুন বর্ষপরিকল্পনা। মাস, দিন, মৌসুম হিসাব করতে বসে যান। কার্যদিবস গুনে গুনে আগামী দিনগুলোর জন্য পরিকল্পনা তৈরি করতে কিছু জরুরি বিষয়ে গুরুত্ব দিন। পরিকল্পনা করার জন্য টেকসই, বাঁধাই করা খাতা নিন। যদি আপনার পরিকল্পনা কম্পিউটারে লেখেন, তবে তা নিরাপদ সংরক্ষিত ফাইলে সংগ্রহ করা যায় এমন জায়গায় কাজ শুরু করুন। দিন, সপ্তাহ, মাস, বছর হিসাব করে মাসিক অথবা আপনার সুবিধা অনুযায়ী নির্দিষ্ট সময়ের ছক করে ফেলুন। অতীতের লাভ-ক্ষতি হিসাব করে নতুন পরিকল্পনা তৈরি করুন। শুরুতেই যে কাজটি করবেন, তা লাভজনক হলে ভালো হয়। এতে আপনি প্রেরণা পাবেন। এ জন্য অভিজ্ঞ, পারদর্শী কারও সহযোগিতা নিতে পারেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাথমিক বাজেট তৈরি করুন।  যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে লেনদেন করতে হয়, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি সংরক্ষণ করুন।  আপনার প্রতিযোগীদের কৌশল বোঝার চেষ্টা করুন। তারপর আপনার প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা ঠিক করুন। নিজের কৌশলের বিশেষ দিকগুলো গোপন রাখুন, যাতে তা অন্যরা জানতে না পারে। আপনার প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ ব্যক্তিদের বেশি বেশি দায়িত্ব দিন। প্রতিষ্ঠানের স্বার্থে তাঁদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। প্রতিষ্ঠানের একাধিক শাখা থাকলে সেগুলোর কাজ বিচার-বিবেচনা করুন। প্রতিটি শাখা অফিসের জন্য আলাদা করে কাজ নির্ধারণ করুন ও পরিকল্পনা বানান। কোনো বিষয়ে পরিকল্পনা করার পর পুরো বিষয় নিয়ে আপনি নিজে খুঁটিনাটি যাচাই-বাছাই করুন। তা নিয়ে ঘনিষ্ঠ, দক্ষ ও বিশেষজ্ঞ কারও সঙ্গে মতবিনিময় করুন। পরিকল্পনার একাধিক অনুলিপি বা কপি তৈরি করুন। আপনার নিজের কপিটি সতর্কতা ও যত্নের সঙ্গে সংরক্ষণ করুন। কম্পিউটারে কাজ করে থাকলে একাধিক প্রিন্টিং কপি অথবা সিডিতে সংরক্ষণ করুন।পরবর্তী সময়ে পরিকল্পনাটি প্রতি মাসে চলমান অথবা শেষ হওয়া কাজের সঙ্গে মিলিয়ে দেখবেন। সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় সংযোজন, বিয়োজন ও সংশোধন আনতে পারেন।গ্রন্থনা: তাহসিন রাশেদ