পরিকল্পনায় এগিয়ে বাস্তবায়নে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ের ব্যাপারে সরকারের পরিকল্পনা যতটা এগিয়ে, বাস্তবায়ন ততটাই পিছিয়ে। জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার কোনোটিই সময়মতো কিংবা সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে না। এর সঙ্গে গ্যাসস্বল্পতা যুক্ত হওয়ায় বিদ্যুৎ ঘাটতি কমানো সরকারের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।সরকারি সূত্রগুলো জানায়, শুধু যে স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বিঘ্ন ঘটছে তা নয়, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়নও পিছিয়ে যাবে। তবে এখন পর্যন্ত শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানির প্রকল্পটিই সময়মতো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, পরিকল্পনা প্রণয়ন যেহেতু সরকারি কর্মকর্তারা বসেই করতে পারেন, তাই এর অগ্রগতি অপেক্ষাকৃত সহজ। বাস্তবায়নের সঙ্গে বেসরকারি খাতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত। তাই এ কাজটি কঠিন। শত চেষ্টা সত্ত্বেও অগ্রগতি অনেক সময় ধীর হয়ে পড়ে। তবে চেষ্টা অব্যাহত আছে।ভাড়াভিত্তিক কেন্দ্র: জরুরি ভিত্তিতে ঘাটতি মোকাবিলায় বর্তমান সরকারের প্রথম পরিকল্পনা ও পদক্ষেপ বেসরকারি খাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, যদিও বিগত চারদলীয় জোট সরকারের সময়ই এ ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার কয়েকটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের পদক্ষেপও নেয়। তা সত্ত্বেও বর্তমান সরকার জরুরি ভিত্তিতে মোট ৫৩০ মেগাওয়াট ক্ষমতার আটটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করে ক্ষমতায় আসার প্রায় নয় মাস পর।ইতিমধ্যে সেচ মৌসুম কাছে চলে আসায় সিদ্ধান্ত নেওয়া হয়, চার মাসের মধ্যে বিদ্যুত্ পেতে ডিজেলচালিত কয়েকটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপন করা হবে। বাকিগুলো হবে ফার্নেস তেলচালিত। ডিজেলচালিত কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে প্রায় ১৫ টাকা, যা ফার্নেস তেলচালিত কেন্দ্রের চেয়ে প্রায় দ্বিগুণ। তার পরও জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পাওয়ার জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু চলতি সেচ মৌসুমে এর এক ইউনিট বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না। আটটি কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান, মূল্যায়ন ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন শেষে মোট ৩০৫ মেগাওয়াট ক্ষমতার চারটি কেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চুক্তি করে। এর একটি কেন্দ্র থেকেও জুনের আগে বিদ্যুৎ পাওয়া যাবে না। জটিলতা অনেক: ওই চারটি কেন্দ্র স্থাপনে চুক্তি স্বাক্ষরের কিছুদিন আগে ও পরে সংশ্লিষ্ট কোম্পানিগুলো পিডিবিকে চিঠি লিখে জানায় যে তারা দরপত্রে ও যে যন্ত্রপাতি বসানোর প্রস্তাব দিয়েছিল তা পরিবর্তন করতে চায়। এসব কেন্দ্র থেকে পিডিবির বিদ্যুৎ নেওয়ার যে ধরন (লোড প্যাটার্ন), তা বিশ্লেষণ করে তারা দেখেছে, প্রস্তাবিত যন্ত্রপাতি দিলে কেন্দ্রগুলো প্রয়োজনে বারবার চালু ও বন্ধ করতে সমস্যা হবে। পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, তাঁরা কোম্পানিগুলোর ওই প্রস্তাবে রাজি হয়েছেন। কারণ এতে সরকারের কোনো সমস্যা নেই। বিদ্যুৎসচিবও ওই প্রস্তাব অনুমোদন করবেন বলে প্রথম আলোকে জানান।এ ছাড়া জামালপুর ৩০ মেগাওয়াট কেন্দ্রটি স্থাপনের জন্য সংশ্লিষ্ট কোম্পানি চুক্তি স্বাক্ষর করেনি। তারা বলেছে, প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় এখন আর তারা ওই কেন্দ্রটি স্থাপনে আগ্রহী নয়।ভাড়াভিত্তিক আটটি কেন্দ্রের মধ্যে বাকি তিনটির একটি মদনগঞ্জ ১০০ মেগাওয়াটের জন্য পুনঃ দরপত্র আহ্বান করা হতে পারে। বাকি দুটির (সৈয়দপুর ও রাজশাহীর কাঁটাখালী) দরপত্র মূল্যায়ন সময়মতো শেষ করা যায়নি নানামুখী তদবিরের কারণে।উল্লেখ্য, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি হওয়া কয়েকটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র (আশুগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বগুড়া) এখনো চালু হয়নি।পিকিং বিদ্যুৎকেন্দ্র: ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো চালুর পর আগামী বছরের মধ্যে পিকিং (প্রতিদিন সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য নির্মিত) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়। সরকারি খাতে ৮২০ মেগাওয়াট ক্ষমতার ১০টি পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্র মূল্যায়ন শেষে সরকারি ক্রয় কমিটি গত ১০ ফেব্রুয়ারি মোট ৩৫০ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি কেন্দ্র স্থাপন অনুমোদন করে। তবে এখন পর্যন্ত এর একটি স্থাপনের ব্যাপারেও চুক্তি হয়নি। চুক্তি স্বাক্ষরের পর এর একেকটি কেন্দ্র স্থাপনে কমপক্ষে দেড় বছর সময় লাগবে।গোপালগঞ্জ-জটিলতা: পিকিং বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে ১০০ মেগাওয়াটের একটি স্থাপিত হওয়ার কথা গোপালগঞ্জে। এ কেন্দ্রটির জন্য দরপত্র দিয়েছিল কোরিয়ার কোম্পানি হুন্দাই। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুল করে তারা অন্য একটি কেন্দ্রের দর উদ্ধৃত করেছিল এই কেন্দ্রের জন্য। পরে পিডিবির সঙ্গে জোগসাজশ করে দরপত্রটি তারা প্রত্যাহার করার সুযোগ নেয়। এখন স্বাভাবিক প্রক্রিয়ায় এই কেন্দ্রটির জন্য নতুন দরপত্র আহ্বানের কথা। কিন্তু হুন্দাইয়ের পক্ষে একটি প্রভাবশালী মহলের তদবিরের কারণে পিডিবি সেই প্রক্রিয়া শুরু করতে পারছে না। জানা গেছে, তদবিরকারীরা চায় হুন্দাই গোপালগঞ্জ কেন্দ্রটির জন্য যে দর উদ্ধৃত করতে চেয়েছিল, তা গ্রহণ করে কাজটি ওই কোম্পানিকে দেওয়া হোক। অন্য চারটি পিকিং কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও নানা কারণে বাধাগ্রস্ত ও বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।ভাড়াভিত্তিক নয়, আইপিপি: বিরূপ অভিজ্ঞতার কারণে সরকার আর কোনো ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর বদলে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা (আইপিপি পলিসি) অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইপিপি করতে হলে আগে আগ্রহী কোম্পানিগুলোর প্রাক-যোগ্যতা যাচাই করতে হয়। গত সোমবার রাতে পিডিবি চারটি কেন্দ্র স্থাপনের জন্য আগ্রহী কোম্পানিগুলোর প্রাক-যোগ্যতা যাচাইয়ের জন্য আবেদন চেয়েছে। এ কেন্দ্রগুলো হচ্ছে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২; ১৫০ থেকে ২২৫ মেগাওয়াটের ভোলা; কাঁটাখালী ৫০ ও সৈয়দপুর ৫০ মেগাওয়াট।বিদ্যুৎসচিব প্রথম আলোকে বলেন, এরপর পর্যায়ক্রমে আরও আইপিপি স্থাপনের প্রক্রিয়া চলবে।নীতিগত প্রশ্ন: কিন্তু এই প্রক্রিয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশীয় উদ্যোক্তারা। তাঁরা বলছেন, আইপিপির জন্য প্রাক-যোগ্যতা যাচাইয়ের যে আবেদন চাওয়া হয়েছে, তাতে অংশগ্রহণে আগ্রহী কোম্পানিগুলোর আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্থাৎ বিদেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের এ ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা।দেশীয় কোম্পানিগুলোর মধ্যে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। সবই দেশে। সরকারের নীতিগত সমর্থন না পেলে দেশীয় উদ্যোক্তারা কীভাবে বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অংশ নেবে? আর কীভাবেই বা অভিজ্ঞ হবে?’বড় কেন্দ্রগুলো: ওপরে উল্লিখিত কেন্দ্রগুলোর মতোই ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক একাধিক কেন্দ্র; ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১; মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্রসহ বড় বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনের ব্যাপারেও বাস্তব কাজের চেয়ে সরকারের পরিকল্পনা এগিয়ে। বিবিয়ানা-১ কেন্দ্রটির জন্য আগ্রহী কোম্পানিগুলোর প্রাক-যোগ্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু এখন পর্যন্ত দরপ্রস্তাব চাওয়ার কাজটুকু করা যায়নি।অবশ্য ইতিমধ্যে সরকারি খাতে সিলেট ১৫০ ও চাঁদপুর ১৫০ মেগাওয়াট কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করা হয়েছে। এ কেন্দ্র দুটি আগামী বছরের মধ্যে চালু হবে। এ দুটি কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরের আগের সব প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকারের আমলেই সম্পন্ন করা হয়েছিল।সাশ্রয় ও অন্যান্য: নতুন কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েরও বড় পরিকল্পনা করা হয়েছিল। সে অনুযায়ী চলতি মাসের প্রথমার্ধের মধ্যে দুটি পর্যায়ে সারা দেশের গ্রাহকদের মধ্যে বিনা মূল্যে মোট দুই কোটি ৬৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ করার কথা ছিল। এতে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতো বলে সরকারিভাবে জানানো হয়েছিল। কিন্তু এ উদ্যোগও আপাতত কার্যকর হচ্ছে না।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রকল্পটি বিশ্ব ব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হবে। তাই দরপত্র-প্রক্রিয়ায় তাদের কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে। এতে সময় লাগছে। বাস্তবায়নের এই অবস্থা হলেও পরিকল্পনা বসে নেই। এখন আবার সারা দেশের বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড মিটারের আওতায় আনার ব্যাপারে আলোচনা শুরু করেছে মন্ত্রণালয়। বিপুল ব্যয়সাপেক্ষ হওয়ায় এর আগে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। তার ফলও ভালো। তাই এখন পরিকল্পনা করা হচ্ছে সারা দেশে এই উদ্যোগ সম্প্রসারণ করার।এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি বায়ুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ শুরু করা হয়েছে।পরিকল্পনা ও বাস্তবায়নের এই টানাপোড়েন প্রসঙ্গে জানতে চাইলে আজিজ খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দীর্ঘকাল ধরে সরকারগুলোর সময়মতো সিদ্ধান্ত গ্রহণে অপারগতা। যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য দৃঢ় সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হয়। সরকারগুলো এ কাজটা করতে পারলে প্রবৃদ্ধি এত দিনে দুই অঙ্কে উঠে যেত।বড় সমস্যা গ্যাস: বর্তমানে চাহিদার তুলনায় অন্তত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। এ ব্যবধান আরও বাড়বে। এ সম্পর্কে পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির বলেন, বিদ্যুৎ উৎপাদনে এখন বড় সমস্যা গ্যাসস্বল্পতা। দৈনিক ৯৫ কোটি ঘনফুট গ্যাস হলে সাড়ে চার হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না ৮৫ কোটি ঘনফুটও।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, গ্যাসের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবে এটা রাতারাতি করে ফেলার মতো কাজ নয়।