ঢাকা বা অন্য অপরিকল্পিত নগরগুলোর দুর্ভোগের কথা মাথায় রেখে রংপুর সিটি করপোরেশনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই পরিকল্পনা নিতে হবে। সড়ক ও নর্দমার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। আর নগর গণপরিবহনে রেলকে গুরুত্ব দিতে হবে। নাগরিক সুবিধার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিনোদন ও খেলার ব্যবস্থা রাখতে হবে।রংপুরে একটি বেসরকারি সংস্থার সভাকক্ষে গতকাল মঙ্গলবার প্রথম আলো আয়োজিত ‘কেমন সিটি করপোরেশন চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ কথা বলেন।গোলটেবিল বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কয়েকজন সম্ভাব্য মেয়রপ্রার্থী বলেন, দলের ঊর্ধ্বে উঠে যদি সবাই মিলে একসঙ্গে কাজ করা যায়, তাহলে সব চাহিদাই পূরণ করা সম্ভব। সবাইকে মনে রাখতে হবে, সিটি করপোরেশন শুধু নির্বাচিতদের জন্য নয়, সবার জন্য। তাঁরা বলেন, নতুন সিটি করপোরেশনের উন্নয়নের জন্য সরকারকে কয়েক বছর বেশি পরিমাণে অর্থ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি সিটি করপোরেশনের ক্ষমতাও বাড়াতে হবে।আলোচনার সূচনা করেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য। তিনি বলেন, করপোরেশনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া রংপুরকে সুন্দর নগর হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।রংপুর সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ বলেন, নতুন সিটি করপোরেশনের যিনি মেয়র হবেন, তাঁকে একটি ভালো পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এ জন্য বিশেষজ্ঞদের নিয়ে কাজ করতে হবে। প্রাথমিকভাবে সড়ক যোগাযোগ, নর্দমাব্যবস্থা ও আলোর সুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি করপোরেশনের ক্ষমতা বাড়াতে হবে।মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মশিউর রহমান বলেন, রংপুর পৌরসভার সঙ্গে আরও প্রায় ১৫৪ বর্গকিলোমিটার নতুন জায়গা নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়েছে। তাই নির্বাচিত ও দায়িত্বপ্রাপ্তদের ঢাকা ও অন্যান্য শহরের চিত্র মাথায় রেখে প্রথমেই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। জলাবদ্ধতা নিরসনে ভালো পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে হবে।জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে ঐক্য নেই। থাকলে সবকিছু সুন্দরভাবে হতো। ভোটারদের এমন ব্যক্তিকে বেছে নিতে হবে, যাঁরা মানুষের সঙ্গে মিশে কাজ করবেন।মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, নগরে নাগরিকদের নানা সেবা দেওয়ার কোনো বিকল্প নেই। তবে যানজট ও জলাবদ্ধতামুক্ত নগর অন্যতম লক্ষ্য হওয়া উচিত। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, পরিকল্পনা বাস্তবায়নের মতো দক্ষ ও সাহসী ব্যক্তিকে মেয়র করতে হবে। সিটি করপোরেশনের যাত্রার শুরুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি আনতে হবে। যে দলই করি না কেন, রংপুরের স্বার্থে একসঙ্গে কাজ করার মানসিকতা রাখতে হবে।বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের পরিচালক আজিজুল করীম বলেন, এখনই ভোটারদের সচেতন করতে হবে। কেননা, তাঁদের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। রংপুরে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে। স্কুল-কলেজের সংখ্যা বাড়াতে হবে। পথশিশুদের নিয়ে আলাদা করে ভাবতে হবে।রংপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী বলেন, নারীদের কাজ দিতে হবে। যারা ভাসমান নাগরিক, তাদের জন্য আবাসস্থল করতে হবে। মাদক, চুরি-ডাকাতি বন্ধ না হলে রংপুর শান্তির শহর হবে না। সুন্দর শহর গড়ার পাশাপাশি একে শান্তির শহর হিসেবেও গড়ে তুলতে হবে। করপোরেশনের খাসজমিগুলো বেহাত হয়ে আছে। এগুলোতে শিল্প প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আর কৃষি জমি নষ্ট হবে না।চেম্বার অব কমার্সের মোছাদ্দেক হোসেন বলেন, রংপুরকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে। পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পনগর গড়ে তুলতে হবে। চিকিৎসক ও সমাজকর্মী মফিজুল ইসলাম বলেন, রংপুরের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন পরিকল্পনা নিতে হবে। রংপুরে যেন আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে ওঠে, সে জন্য মেয়রকে উদ্যোগ নিতে হবে। চিকিৎসা ক্ষেত্রে রংপুরকে উন্নতি করে বড় ধরনের অর্থনৈতিক এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।সাবেক পৌর চেয়ারম্যান কাজী মো. জুননুন বলেন, মেয়রকে দলের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। মাদক ও বেকারত্ব সমস্যার সমাধানের জন্য শিল্প স্থাপন করতে হবে। এ জন্য গ্যাস লাইন দরকার। সমাজকর্মী ও নারী নেত্রী ইরা হক বলেন, মেয়রকে অন্যের কথা শোনার মানসিকতা থাকতে হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি পৃথক মার্কেট তৈরি করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এখানে শুধু নারীরা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন। করপোরেশনে যে নতুন কর্মসংস্থান হবে, সেখানে ৫০ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করতে হবে। ক্রীড়া সংগঠক শুভরঞ্জন বাবলু বলেন, রংপুরের মেয়র হবেন ক্রীড়ার আঞ্চলিক প্রধান। তাই তাঁকে খেলাধুলার প্রতি উৎসাহী হতে হবে। রংপুরে একটি ক্রীড়া কমপ্লেক্স ও আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করতে তাঁকে ভূমিকা রাখতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, এখানকার যুবকেরা যেন শহরে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখতে পারেন, তেমন করে রংপুরকে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে সিটি করপোরেশনকে কিছু কাজ করতে হবে।জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, সিটি এলাকায় পরিকল্পনা অনুযায়ী মার্কেট তৈরির উদ্যোগ নিতে হবে। পণ্যের ভ্যাট সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। এখানকার যুবকদের পড়াশোনার পর কাজ থাকে না। কাজের ব্যবস্থার পাশাপাশি রেলব্যবস্থার উন্নয়ন করতে হবে।লেখক ও সংগঠক এম এ বাশার বলেন, রংপুর ভাওয়াইয়ার জন্য পরিচিত। এই এলাকাকে সাংস্কৃতিক পল্লি হিসেবে গড়ে তোলা যায়। আগামী ৫০ বছর পর রংপুরের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভাবতে হবে। সেই অনুযায়ী সুন্দর চিন্তা ও আধুনিক ভাবনা নিয়ে রংপুরকে গড়তে হবে। গোলটেবিলে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, এই আলোচনায় সম্ভাব্য জনপ্রতিনিধিদের সামনে একটি চিত্র ফুটে উঠেছে। মানুষ কী চায়, তা তাঁরা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে তাঁদের হাত ধরেই রংপুর একটি সুন্দর ও শান্তির নগর হিসেবে গড়ে উঠবে।