পরিকল্পিত পুনর্বাসন ছাড়া যৌনপল্লি উচ্ছেদ নয়
পরিকল্পিত পুনর্বাসন ছাড়া বাসস্থান তথা যৌনপল্লি থেকে যৌনকর্মীদের উচ্ছেদ না করার দাবি জানিয়েছে সেক্সওয়ার্কাস নেটওয়ার্কের সদস্যরা। একই সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌনপেশায় যাওয়া বন্ধে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনাসহ পাঁচ দফা দাবিও জানিয়েছেন তাঁরা।আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ২০০২ সাল থেকে যৌনকর্মী ও তাঁদের সন্তানদের মানবাধিকার রক্ষায় কাজ করছে এমন ২৯টি সংগঠন নিয়ে এই নেটওয়ার্ক তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত দাবি পাঠ করে নেটওয়ার্কের সভানেত্রী জয়া শিকদার। তিনি জানান, ১৯৯৯ সালে টানবাজার, ২০০৩ সালে মাগুরা ও পটুয়াখালী, ২০০৪—২০০৮—২০১০ সালে জামালপুর, ২০০৫—২০০৭ সালে ময়মনসিংহ, ২০০৬ সালে টাঙ্গাইল, ২০০৬-২০০৭-২০০৮ সালে ফরিদপুর সিঅ্যান্ডবি, ২০০৬ সালে বাগেরহাট, ২০০৭ সালে নারায়ণগঞ্জ, ২০০৬ সালে মীর হাজিরবাগ ও যাত্রাবাড়ীর যৌনকর্মীদের নিজস্ব পল্লি বা বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়। এতে বেড়ে গেছে ভাসমান যৌনকর্মীর সংখ্যা। আর সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। নেটওয়ার্কের অপর সদস্য পারুল বেগম বলেন, কার্যকরী ও স্থায়িত্বশীল বিকল্প জীবনের সুযোগ সৃষ্টি না করে কোনো যৌনপল্লি উচ্ছেদ করা যাবে না। আর এ প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অর্থাত্ যৌনকর্মীদের মতামত নিতে হবে।রোজী বেগম বলেন, অভাবের তাড়নায়, পারিবারিক বা সামাজিকভাবে প্রতারিত হয়েই মূলত নারীরা এ পেশা বেছে নিতে বাধ্য হয়। এরপরে আইনগতভাবে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয় তাঁরা। বাড়িওয়ালা থেকে শুরু করে সরকারি প্রশাসন, দালাল-মাস্তানসহ সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও যৌনকর্মীদের আয়ে ভাগ বসান। এত কিছুর পরে মাথা গোঁজার সামান্য ঠাঁই যদি কেড়ে নেওয়া হয় তখন যৌনকর্মীরা কী করবে?—বলে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন তিনি।সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হচ্ছে, যৌনকর্মীদের প্রতি আইনের অপপ্রয়োগ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও সংশ্লিষ্ট সব আইনের অস্পষ্টতা দূর করতে হবে, যৌনকর্মী ও তাঁদের সন্তানদের বিষয়ে যেকোনো ধরনের নীতি ও কর্মকৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নে যৌনকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যৌনপল্লিকে কেন্দ্র করে যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে তা বন্ধের জন্য সরকারি প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।